দেশ

অভিষেকের হুইপ উড়িয়ে এনডিএ-কে ২০ সাংসদের ভোট নিশ্চিত করলেন সুদীপ!

তৃণমূলত্যাগী ২০ সাংসদের ভোট নিয়ে কোনও সংশয় নেই! অভিষেকের হুইপ অগ্রাহ্য করে বিলের পক্ষে ঝাঁপানোর ঘোষণা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের!

Truth of Bengal: সোমবার সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশের ঠিক আগে চরম নাটকীয় মোড় নিল রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের অন্দরের রাজনীতিতে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে লোকসভায় যাওয়া ২৮ জন সাংসদের জন্য মমতা শিবিরের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা কড়া হুইপ, আর অন্যদিকে সেই হুইপকে কার্যত উড়িয়ে দিয়ে সরাসরি এনডিএ-কে সমর্থনের স্পষ্ট বার্তা দিল এনসিপিআই (NCPI)। রবিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে বিলের পক্ষে তৃণমূলত্যাগী ২০ জন সাংসদের ভোট নিশ্চিত করে দিলেন এনসিপিআইয়ের বর্ষীয়ান দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় জানান, “আমরা এনসিপিআইয়ের ২০টি ভোট নিশ্চিত করে এসেছি। বলেছি, আমাদের ৩ জন সংখ্যালঘু সাংসদও রয়েছেন। তাঁরা শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন। তাই তাঁরাও নিশ্চিতভাবে এনডিএ-কে ভোট দেবেন। আমাদের তরফে বিলের পক্ষে ভোট করা নিয়ে কোনও সংশয় নেই।” এর আগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত ২৮ জন সাংসদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করে সোমবার লোকসভায় উপস্থিত থাকার এবং বিলের বিরোধিতা করার নির্দেশ দিয়েছিলেন। এমনকি পৃথক দলের স্বীকৃতি না থাকায় এনসিপিআই সাংসদদের ভোটদান থেকে বিরত রাখতে স্পিকার ওম বিড়লাকেও চিঠি দিয়েছিলেন অভিষেক। কিন্তু সুদীপের এদিনের ঘোষণায় স্পষ্ট হয়ে গেল, অভিষেকের হুইপকে তাঁরা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না।

পাশাপাশি, এদিনের সাংবাদিক বৈঠকে প্রস্তাবিত বিল দুটির বিরোধিতা করার জন্য কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে কটাক্ষ করতেও ছাড়েননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে, রবিবার বিকেলে সুদীপ যখন দিল্লিতে বসে এনডিএ-র পক্ষে ২০টি ভোট নিশ্চিত করার কথা ঘোষণা করছেন, ঠিক সেই সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা চেন্নাইতে পৌঁছেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করে বিরোধী জোটের ফাটল মেরামতের চেষ্টায়। ফলে সোমবার লোকসভার ফ্লোরে হুইপ লঙ্ঘন ও ভোটাভুটি ঘিরে যে নজিরবিহীন সংঘাত তৈরি হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Related Articles