রাজ্যের খবর

দিল্লিযাত্রা নিয়ে ধোঁয়াশা! সংসদে থাকবেন মমতা তৃণমূলের সাংসদ? জোর জল্পনা

সংসদে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে ভোটাভুটি! মমতা তৃণমূলের সাংসদ কি দিল্লি যাবেন? তুঙ্গে জল্পনা!

Truth of Bengal: আগামীকাল সোমবার লোকসভায় পেশ হতে চলেছে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল। লোকসভা ও রাজ্যসভা, উভয় কক্ষেই বিল পেশের প্রশ্নে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, বিল পেশের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে নিয়েছে এনডিএ শিবির, অন্যদিকে কালীঘাট তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবির এই বিলের বিরোধিতা করার অবস্থান নিয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ ভোটাভুটির ঠিক আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডলের অবস্থান ও দিল্লি যাত্রা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। তিনি আদৌ অধিবেশনে উপস্থিত থাকবেন কি না এবং ভোটাভুটিতে অংশ নেবেন কি না, তা নিয়েই চলছে জোর চর্চা।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বেশিরভাগ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ শিবিরে গেলেও প্রতিমা মণ্ডল কালীঘাট তৃণমূল শিবিরেই থেকে গিয়েছেন। কিন্তু রবিবার বেলা পর্যন্ত তিনি নিজের এলাকাতেই রয়েছেন বলে খবর এবং দিল্লি পৌঁছনো নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, প্রতিমা দেবীর মা অসুস্থ এবং সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন; সে কারণে অসুস্থ মাকে বাড়িতে রেখে তাঁর দিল্লি যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

এদিকে কালীঘাট তৃণমূল শিবিরের দাবি, প্রতিমা মণ্ডলকে ক্রমাগত ভয় দেখানো হচ্ছে এবং তিনি যাতে দিল্লি না যান, সেজন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের অভিযোগ, দিল্লি যাত্রা আটকাতেই গত কয়েকদিনে প্রতিমার ঘনিষ্ঠ তিনজনকে পুলিশ আটক করেছে। যদিও প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ প্রতিমা মণ্ডল, তবে বিরোধীদের চাপের মুখে থাকার কথা স্বীকার করেছেন তিনি। দিল্লি যাওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, “এখনও সময় আছে। যাব না এখনই বলছি না। মোটামুটি সময় উপস্থিত থাকলেই তো হল। কিন্তু মাকেও তো দেখতে হবে।”

সূত্রের খবর, শুক্রবার প্রতিমা মণ্ডলের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তিনি মমতার সঙ্গেই থাকার কথা নিশ্চিত করেছেন। তবুও শেষ মুহূর্তে তিনি দিল্লি পৌঁছবেন কি না এবং বিলের বিপক্ষে ভোট দেবেন কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related Articles