সংসদে বিশেষ অধিবেশন ডাকল মোদি সরকার, তবে কি আসছে মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল?
শীতকালীন অধিবেশনের আগেই সংসদে বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র! মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল ঘিরে তুঙ্গে জল্পনা
Truth of Bengal: শীতকালীন অধিবেশন শুরুর আগেই লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার এই বিশেষ অধিবেশন বসতে চলেছে। বৃহস্পতিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর এই ঘোষণার পর থেকেই জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে, তবে কি এই বিশেষ অধিবেশনেই বহুল চর্চিত মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল পেশ ও পাশ করাতে তৎপর কেন্দ্র?
উল্লেখ্য, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পাশ করানো এনডিএ সরকারের দীর্ঘদিনের লক্ষ্য। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই দুটি আইন পাশ করানো শাসক দলের কাছে অত্যন্ত জরুরি। সংবিধান দিবসের বক্তব্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চ্যালেঞ্জের সুরে বলেছেন, মহিলা ক্ষমতায়নের জন্য সংরক্ষণ বিল আনা জরুরি এবং কোনও শক্তিই তা আটকাতে পারবে না। এর আগের অধিবেশনে বিরোধীদের সমর্থনের অভাবে পিছু হঠতে হলেও এবার শাসক শিবির বিল দুটি পাশ করাতে মরিয়া।
তবে সংসদের দুই কক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলাতে গিয়ে কিছুটা সময় নিয়েছিলেন অমিত শাহরা। এই হিসেবনিকেশের মাঝেই জটিলতা বাড়িয়েছেন তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ। তাঁরা এনডিএ-কে সমর্থনের কথা জানালেও তাঁদের স্বীকৃতির ওপর অনেকটাই নির্ভর করছে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এই দলবদলের সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেননি।
অন্যদিকে, ‘আসল তৃণমূল’ কারা, তা নিয়ে শুক্রবারই ফয়সালা করে দিতে পারে নির্বাচন কমিশন। ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে। এনসিপিআই-এর ভবিষ্যৎ এখনও ঝুলে থাকলেও, কমিশনের সিদ্ধান্তের ঠিক পরপরই ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বরের বিশেষ অধিবেশন ঘিরে দিল্লির রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।






