রাজকীয় আয়োজনেও চরম ছন্দপতন! ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে খাবার নিয়ে কাড়াকাড়ি, ১০ কিমি যানজট
৫ লক্ষ অতিথি, ১৫০ পদের রাজকীয় ভোজ, তবুও চরম বিশৃঙ্খলা! বিহারের ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে খাবার নিয়ে কাড়াকাড়ি, থালা ছোড়াছুড়ি!
Truth Of Bengal: মেয়ের বিয়ের রাজকীয় আয়োজনে কোনও খামতি রাখেননি বিহারের ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিং। ১০ একর জায়গা জুড়ে বিশাল প্যান্ডেল, ৫ লক্ষ আমন্ত্রিত অতিথি এবং ১৫০ রকমের লোভনীয় পদ, সব মিলিয়ে এলাহি কাণ্ড! কিন্তু শেষমেষ সেই রাজকীয় অনুষ্ঠানেই ঘটল চরম ছন্দপতন। ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, অতিথিদের মধ্যে তুমুল বিশৃঙ্খলা, খাবার নিয়ে কাড়াকাড়ি এবং থালা ছোড়াছুড়ির মতো ঘটনায় ফের শিরোনামে উঠে এল অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিবাহ অনুষ্ঠান।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নাদওয়ানগামী রাস্তাগুলিতে ১০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভিড়ে আটকে পড়া অনিকেত কুমার নামে এক সাংবাদিক দাবি করেন, বিধায়কের বাসভবন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রীতিমতো পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা এবং অনুষ্ঠান থেকে ফেরা মানুষের বিপুল চাপে ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ হয়ে থাকে গোটা এলাকার যান চলাচল।
অনুষ্ঠানের চরম অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বহু আমন্ত্রিত অতিথি। ইতিমধ্যেই বিয়েবাড়ির একাধিক ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খাবার পরিবেশনকারীরা অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং একদল অতিথি খাবার সংগ্রহের জন্য রীতিমতো কাড়াকাড়িতে মেতে উঠেছেন। অভিযোগ, প্রবল বিশৃঙ্খলার কারণে বহু অতিথি খাবারই পাননি। ক্ষোভে অনেকে থালা ছুড়ে ফেলেন, যার জেরে প্রচুর খাবার মাটিতে পড়ে নষ্ট হয়।
উল্লেখ্য, এই বিলাসবহুল বিয়েতে রাজনীতিবিদ, গায়ক-অভিনেতা থেকে শুরু করে পরিচিত পাকিস্তানি নাগরিকদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা, যেখানে বিজয়ীর জন্য ‘মাহিন্দ্রা থার’ গাড়ি পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রবল ভিড়, হট্টগোল এবং তার আগে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতাটিও বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।





