রাজ্যের খবর

কলকাতায় ১৪ হাজার কোটির রিং রোড, গঙ্গাসাগরকে সড়কপথে জুড়তে বড় ঘোষণা নীতীন গড়করির

“এটা তো সবে নিউজরিল, অনেক কিছু দেখার বাকি!” মুম্বই-পুণে মডেলে কলকাতায় তৈরি হবে চারতলা ব্রিজ ও মেট্রো, মেদিনীপুর থেকে ঘোষণা গড়করির

Truth of Bengal: ঘন জনবসতিপূর্ণ তিলোত্তমা কলকাতাকে যানজট ও দূষণমুক্ত করতে এক বিরাট প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার মেদিনীপুরের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করার সময় তিনি জানান, ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে কলকাতায় ২৫০ কিলোমিটার দীর্ঘ একটি রিং রোড তৈরি করা হবে। এর পাশাপাশি পুণ্যার্থীদের সুবিধার্থে গঙ্গাসাগরকেও সরাসরি সড়কপথে যুক্ত করার বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী।

এদিন মেদিনীপুর থেকে কলকাতার পরিকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরে নীতীন গড়করি বলেন, “শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে গিয়েছিলেন, তখনই বলেছিলাম কলকাতাকে দূষণ ও যানজটমুক্ত করতে পরিকল্পনা তৈরি করতে। আজ এখান থেকে ঘোষণা করছি, কলকাতায় ১৪ হাজার কোটি টাকা খরচে ২৫০ কিলোমিটার রিং রোড তৈরি হবে।” তবে এটি যে শুরু মাত্র, তা বুঝিয়ে মন্ত্রী বলেন, “এই রিং রোড কেবল নিউজরিল মাত্র, আসল সিনেমা এখনও বাকি।” এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকারকে দ্রুত ডিপিআর (DPR) তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।

কেমন হবে এই পরিকাঠামো, তারও স্পষ্ট আভাস দিয়েছেন গড়করি। তিনি জানান, দিল্লি ও মুম্বইয়ের পর এবার কলকাতাকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার পালা। চেন্নাই ও পুণের মডেলের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে একটি পিলারের ওপর চারটি করে স্তর বা ব্রিজ তৈরি করা হয়েছে, নিচে সাধারণ রাস্তা, তার ওপরে ফ্লাইওভার, তার ওপরে ফের ফ্লাইওভার এবং সবশেষে মেট্রো। কলকাতার ক্ষেত্রেও এই আধুনিক মডেল বেছে নেওয়ার কথা বলেন তিনি, যা একদিকে যেমন শহরের যানজট কমাবে, তেমনই মেট্রো সম্প্রসারণের পথও প্রশস্ত করবে।

অন্যদিকে, মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগর নিয়েও বড় আশ্বাস দেন গড়করি। তিনি জানান, গঙ্গাসাগরকে সড়কপথে যুক্ত করতে বিশেষ রাস্তা তৈরি করা হবে, যার কাজ খুব শীঘ্রই শুরু হবে। রাজ্যে পালাবদলের পর কুম্ভমেলার ধাঁচে গঙ্গাসাগরকে সাজিয়ে তোলা এবং জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, কেন্দ্রের এই সড়ক প্রকল্প সেই লক্ষ্য পূরণে এবং দেশ-বিদেশের পুণ্যার্থীদের যাতায়াতে আমূল পরিবর্তন আনবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles