দেশ

ফের লজ্জার মুখে দিল্লি! গভীর রাতে বন্ধ ক্যাফে খুলে পার্টি, সহকর্মীদের বিরুদ্ধেই তরুণীকে গণধর্ষণের ভয়াবহ অভিযোগ!

সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার দেড় মাস কাটতে না কাটতেই ফের গণধর্ষণ দিল্লিতে! ঘটনায় দুই মহিলা-সহ ধৃত ৩, বাকিদের খোঁজে তল্লাশি

Truth of Bengal: রাজধানী দিল্লিতে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় সম্প্রতি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে পুলিশি নজরদারির অভাব নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের সেই কড়া বার্তার দেড় মাস কাটতে না কাটতেই ফের একবার নৃশংস গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এবারের ঘটনাস্থল পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার একটি ক্যাফে। এই নৃশংস ঘটনায় দুই মহিলা-সহ মোট ছ’জন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। পুলিশ ইতিমধ্যেই দুই মহিলা-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং পলাতক বাকিদের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি নির্যাতিতা তরুণী দিল্লির কারকারদুমা এলাকার একটি শপিং মলের ক্যাফেতে কর্মরত ছিলেন এবং অভিযুক্তরাও তাঁরই সহকর্মী। গত সোমবার রাতে প্রীতবিহারের একটি ক্যাফেতে পার্টির আয়োজন করেছিলেন সহকর্মীরা, যেখানে ওই তরুণীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রীতবিহারের যে ক্যাফেটিতে এই ঘটনা ঘটেছে, সেটি সাধারণত রাত সাড়ে ১১টা নাগাদ বন্ধ হয়ে যায়। তবে অভিযুক্ত সহকর্মীদের একজনের কাছে ওই ক্যাফের চাবি ছিল। সোমবার রাতে নির্ধারিত সময়ে ক্যাফে বন্ধ হওয়ার পর সেই চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন তাঁরা। অভিযোগ, ক্যাফের ভেতরে মদ্যপান ও নাচানাচি চলে রাত ৩টে পর্যন্ত। নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, পার্টি চলাকালীন দু’জন পুরুষ সহকর্মী তাঁকে গণধর্ষণ করেন এবং উপস্থিত বাকিরাও সেই কাজে প্রত্যক্ষভাবে সাহায্য করেন। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে চার পুরুষ ও দুই মহিলার বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গত কয়েক মাসে দিল্লি ও সংলগ্ন এলাকায় চলন্ত বাস বা পার্কে নাবালিকা ও তরুণীদের ওপর নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। পুলিশি পরিকাঠামো ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেছিল, “নজরদারি না থাকলে সিসিটিভি বা ওয়ার রুম কীভাবে অপরাধ ঠেকাবে?” আদালতের সেই সতর্কবার্তার পরও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles