ফিচার

দ্বারকানাথ ঠাকুরের হাতে ধরে বাংলার প্রথম কয়লাখনি

ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে নারায়ণকুড়ি দামোদরের বিস্তীর্ণ জলরাশি, নদীর বুক চিরে বয়ে আসা ফুরফুরে হাওয়া আর দূরে রেললাইনের উপর দিয়ে ছুটে চলা কয়লাবোঝাই মালগাড়ি।

Truth of Bengal: একেবারেই এক অজানা কাহিনি। আপনি কি জানেন বাংলার প্রথম কয়লা খনির ইতিহাস? রোমাঞ্চকর সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার শিল্প বিপ্লবের এক অধ্যায়। ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে নারায়ণকুড়ি
দামোদরের বিস্তীর্ণ জলরাশি, নদীর বুক চিরে বয়ে আসা ফুরফুরে হাওয়া আর দূরে রেললাইনের উপর দিয়ে ছুটে চলা কয়লাবোঝাই মালগাড়ি। এমন এক পরিবেশে দাঁড়িয়ে ইতিহাসের পাতা উল্টে দেখতে ইচ্ছে হয়। চোখের সামনে ভেসে ওঠে প্রায় দুই শতাব্দী আগের এক শিল্পোদ্যোগের ছবি। এই নারায়ণকুড়ি গ্রামেই একদিন সূচনা হয়েছিল বাংলার কয়লাশিল্পের এক ঐতিহাসিক অধ্যায়ের। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছেন ভারতীয় শিল্প-বাণিজ্যের পথিকৃৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রাম শুধু একটি সাধারণ জনপদ নয়। এই গ্রামের মাটির গভীরে লুকিয়ে রয়েছে ভারতের শিল্পায়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৮৩৫ সালে ব্রিটিশ শিল্পোদ্যোগী উইলিয়াম কারের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বারকানাথ ঠাকুর এখানে কয়লাখনি গড়ে তোলেন। প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছিল ‘কার অ্যান্ড টেগোর কোম্পানি’। তিনিই প্রথম ভারতীয় উদ্যোগপতিদের মধ্যে অন্যতম, যিনি কয়লাশিল্পে সরাসরি বিনিয়োগ করে দেশীয় শিল্পোদ্যোগের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।


তখনকার দিনে ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন ছিল যথেষ্ট কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজকে সহজ করতে ব্যবহার করা হয়েছিল বাষ্পচালিত যন্ত্র। বিশাল কুয়োর মতো খাদ খুঁড়ে তার দেওয়াল বরাবর তৈরি হয়েছিল সুড়ঙ্গ। সেখান থেকে কয়লা এবং শ্রমিকদের উপরে তুলে আনার জন্য ব্যবহার করা হতো মোটা লোহার তারে বাঁধা একাধিক ডুলি। কপিকলের মতো যন্ত্রের সাহায্যে বাষ্পীয় শক্তিতে চলত সেই ব্যবস্থা। এই প্রযুক্তি ‘হলেজ’ পদ্ধতি নামে পরিচিত ছিল। যে ঘরে যন্ত্রটি বসানো থাকত, সেটিই ছিল হলেজ ঘর। সেই সময়ের নিরিখে এটি ছিল এক উল্লেখযোগ্য কারিগরি উদ্ভাবন।


কিন্তু খনি থেকে উত্তোলিত কয়লা পৌঁছত কোথায়? সেই প্রশ্নের উত্তরও জড়িয়ে রয়েছে দামোদরের তীরের সঙ্গে। গরুর গাড়িতে করে কয়লা নিয়ে যাওয়া হতো মুক্তেশ্বরী মন্দির সংলগ্ন জেটিতে। সেখান থেকে নৌকায় চাপিয়ে কয়লা পাঠানো হতো কলকাতার কয়লাঘাটার দিকে। উত্তোলিত কয়লার একটি বড় অংশ উত্তর-পূর্বাঞ্চলে এবং কিছুটা বিহারেও সরবরাহ করা হতো বলে জানা যায়। কয়লা পরিবহণের সুবিধার জন্য দ্বারকানাথ নিজেই এই জেটি নির্মাণ করিয়েছিলেন।
নদীর পাড়ে বসে আজ সেই জেটির অস্তিত্বের সামান্য চিহ্ন দেখতে পাওয়া যায়। একসময় যেখানে কয়লাবোঝাই নৌকা যাতায়াত করত, সেখানে এখন নীরবতা। দ্বারকানাথের তৈরি খনি, বাংলো এবং শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশ স্মৃতিই কালের গর্ভে হারিয়ে গিয়েছে। নদীর ধারে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তাঁর একটি মূর্তি। তার নীচে লেখা ঐতিহাসিক স্থানের পরিচয়। মূর্তিটির সামনে দাঁড়ালে উপলব্ধি হয়, বাঙালির শিল্পচিন্তা ও উদ্যোগের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল।

কয়লা পরিবহণের জন্য জলপথের সীমাবদ্ধতা বুঝে রেলপথ নির্মাণের ভাবনাও দ্বারকানাথের মনে এসেছিল বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ পাওয়া যায়। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তিনি পাননি। পরবর্তী সময়ে ব্রিটিশ উদ্যোগে রেলপথের বিস্তার ঘটে।


আজ দামোদরের উপর দিয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে ছুটে চলা কয়লাবোঝাই মালগাড়ি দেখতে দেখতে অতীত আর বর্তমান যেন একসূত্রে মিলে যায়। একসময় ডুলিতে করে ভূগর্ভ থেকে কয়লা উঠত, আজ আধুনিক রেলপথে সেই কয়লাই পৌঁছে যায় বিদ্যুৎকেন্দ্রে। প্রযুক্তি বদলেছে, বদলেছে সময়, কিন্তু এই শিল্পযাত্রার শিকড়ে রয়ে গিয়েছে দ্বারকানাথের অবদান। স্থানীয় মানুষের কথায়, এলাকাটি ঐতিহ্যস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Related Articles