মহিলাদের ফ্রি বাস টিকিটের অপব্যবহার! এবার বড় পদক্ষেপ পরিবহণ দফতরের
শনিবার থেকেই বদলে গেল দূরপাল্লার সরকারি বাসের টিকিট কাটার নিয়ম! মহিলাদের ফ্রি যাত্রার সুযোগ নিয়ে কী কারচুপি চলছিল? জানলে অবাক হবেন
Truth of Bengal: দূরপাল্লার সরকারি বাসের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার বড়সড় বিধিনিষেধ আরোপ করল রাজ্য পরিবহণ দফতর। নয়া নিয়ম অনুযায়ী, চাইলেই আর যত খুশি অনলাইনে টিকিট কাটা যাবে না। এখন থেকে দূরপাল্লার সরকারি বাসের মোট আসনের মাত্র ৩০ শতাংশ অনলাইন বুকিংয়ের জন্য বরাদ্দ থাকবে, যার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে মহিলাদের জন্য বিনামূল্যে টিকিটের সুবিধা। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট যাত্রীদের সরাসরি বাস ডিপোয় গিয়ে অফলাইনে কাটতে হবে। ডব্লুবিটিসি (WBTC), এসবিএসটিসি (SBSTC) এবং এনবিএসটিসি (NBSTC), সবক’টি পরিবহণ নিগমেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি মেনে সরকারি বাসে মহিলা যাত্রীদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। কিন্তু গত পাঁচ মাস ধরে দেখা যাচ্ছে, এই সুবিধার ব্যাপক অপব্যবহার শুরু হয়েছে। যেহেতু কোনো ভাড়া লাগে না এবং শুধুমাত্র নাম ও ফোন নম্বর দিয়েই টিকিট কাটা যায়, তাই অনেক মহিলা যাত্রী একাধিক বাসে একাধিক টিকিট বুক করে রাখছেন। কিন্তু যাত্রার সময় অধিকাংশই বাসে উঠছেন না, অথবা দূরের গন্তব্যের টিকিট কেটে মাঝপথেই নেমে যাচ্ছেন।
এর ফলে একদিকে যেমন নিমেষের মধ্যে অনলাইনে বাসের সমস্ত সিট ‘ফুল’ দেখাত, তেমনই বাস ছাড়ার সময় দেখা যেত বাস কার্যত ফাঁকা অবস্থায় গন্তব্যের দিকে ছুটছে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, ফাঁকা বাস চালাতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছিল নিগমগুলি। অন্যদিকে, যে সমস্ত পুরুষ যাত্রী পুরো ভাড়া দিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চান, তাঁরা অনলাইনে সিট না পেয়ে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসের সওয়ারি হচ্ছিলেন।
এই জোড়া সমস্যা ও নিগমের কোষাগারে টান ঠেকাতেই অবশেষে ৭০ শতাংশ টিকিট অফলাইনে বিক্রির জন্য ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। শুক্রবারই সবক’টি নিগমের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং শনিবার থেকেই নয়া নিয়ম চালু হয়ে গিয়েছে। যদিও প্রথম দিনে অনেকেই বিষয়টি না জানায় অনলাইনে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন। তবে দফতরের আশা, এই নতুন ব্যবস্থার ফলে প্রকৃত প্রয়োজনীয় যাত্রীরাই এবার থেকে সহজে বাসের টিকিট পাবেন।






