কমিশনে ভুয়ো হলফনামা দায়ের! ঋতব্রতদের বিরুদ্ধে কালীঘাট থানায় FIR মমতা তৃণমূলের
শুধু থানায় অভিযোগ নয়, ভিডিও রেকর্ড ও নথি জমা পড়বে আদালতেও! জোড়াফুলের দখল নিয়ে তুঙ্গে কালীঘাট বনাম ঋতব্রত শিবিরের লড়াই
Truth of Bengal: ‘জোড়াফুল’ প্রতীক এবং দলের নামের দখল কার হাতে থাকবে, তা নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হল কালীঘাট শিবির। ভুয়ো হলফনামা ও নোটারি তৈরি করে নির্বাচন কমিশনে জাল সদস্যের তালিকা জমা দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মমতা শিবিরের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। একই অভিযোগপত্রে নাম রয়েছে নানুর থানার ওসি সঞ্জয় সরকার এবং সাব-ইন্সপেক্টর গোলক ঘোষেরও।
প্রায় চার পাতার ওই অভিযোগপত্রে বিরোধী দলনেতা-সহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন শুভাশিষ চক্রবর্তী। তাঁর দাবি, নির্বাচন কমিশনে যে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছে, তা ভুয়ো নোটারি বানিয়ে প্রস্তুত করা হয়েছে এবং এমনকি অর্ধেক জায়গা ফাঁকা রেখেই হলফনামা জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, প্রথমে হলফনামা জমা দেওয়া হলেও নোটারির অভাবে পরবর্তীতে অন্য জায়গা থেকে তা করিয়ে এনে জমা দেওয়া হয়। কালীঘাট শিবিরের দাবি, এই সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই তাঁদের হাতে রয়েছে। পাশাপাশি, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে নানুর থানার শীর্ষ দুই আধিকারিকের পাশাপাশি বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারও যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে এবং ঋতব্রত শিবির ভুয়ো নোটারি ও পুলিশ প্রশাসনের সাহায্যে জাল তালিকা জমা দিয়েছে। শুধু থানায় অভিযোগ দায়ের করেই থামতে রাজি নয় কালীঘাট শিবির, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন অভিষেক। তাঁর বক্তব্য, একাধিক নথির পাশাপাশি সমস্ত ঘটনার ভিডিও রেকর্ডও তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে, যা আগামিদিনে আদালতে জমা দেওয়া হবে।
এদিকে, নথি ও পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে শাসক-বিরোধী দুই শিবিরের এই টানাপোড়েনকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির দেবজিৎ সরকার মন্তব্য করেন, “দু’টো ডাকাত দলের মধ্যে যুদ্ধ চলছে। যা বলার প্রশাসন এবং দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে বলবে। আমরা কোনও পক্ষে নেই, আমাদের কিছু বলারও নেই।”





