দেশ

বিয়ের ধুম দেশজুড়ে! মাত্র ২৫ দিনে ৫২ লক্ষ বিয়ে, কত টাকার ব্যবসা হবে জানেন?

অর্থাৎ প্রতিদিন গড়ে দু’লক্ষেরও বেশি বিয়ের অনুষ্ঠান

Truth of Bengal: উৎসবের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে বিয়ের সানাই বাজতে চলেছে। আগামী ২৫ দিন কার্যত বিয়ের মরশুমে মেতে উঠবে গোটা দেশ। শুধু বিয়ে নয়, এই পরিণয়ের মরশুম ঘিরে তৈরি হতে চলেছে বিপুল ব্যবসার সম্ভাবনাও। হিসাব বলছে, মাত্র ২৫ দিনে দেশে ৫২ লক্ষেরও বেশি বিয়ের অনুষ্ঠান হতে পারে। আর এই বিপুল সংখ্যক বিয়েকে কেন্দ্র করে প্রায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছে ব্যবসায়ী মহল। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) অনুমান, ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশে অন্তত ৫২ লক্ষ বিয়ে হতে পারে। অর্থাৎ প্রতিদিন গড়ে দু’লক্ষেরও বেশি বিয়ের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এত বিপুল সংখ্যক বিয়েকে ঘিরে চাঙ্গা হতে চলেছে দেশের বাজার। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে গয়না, পোশাক, খাবার, সাজসজ্জা, উপহার এবং অনুষ্ঠান আয়োজন—প্রতিটি ক্ষেত্রেই বাড়বে লেনদেন।

সিএআইটির হিসাব অনুযায়ী, এই ২৫ দিনে বিয়েকে কেন্দ্র করে গোটা দেশে প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে। শুধু দিল্লি ও সংলগ্ন এলাকাতেই ৫ লক্ষের বেশি বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকেই প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে অনুমান ব্যবসায়ী সংগঠনটির। কোন খাতে কত টাকার ব্যবসা হতে পারে, তারও একটি হিসাব দিয়েছে সিএআইটি। অনুমান অনুযায়ী, বিয়ের মরশুমে সবচেয়ে বেশি লাভের মুখ দেখতে পারে গয়নার বাজার। সোনা ও অন্যান্য অলঙ্কার বিক্রি থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা। বিয়ের পোশাক, সাজসজ্জা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারে লেনদেন হতে পারে প্রায় ৯০ হাজার কোটি টাকার। অন্যদিকে, খাবার ও ক্যাটারিং পরিষেবা থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকার ব্যবসার আশা করা হচ্ছে।

এখানেই শেষ নয়। বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য অনুষ্ঠানবাড়ি ও ব্যাঙ্কোয়েট হলগুলির ব্যবসা প্রায় ৬০ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে। উপহার এবং বিয়ের অন্যান্য সামগ্রীর বাজার থেকেও প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটি বিয়েকে কেন্দ্র করে যে কতগুলি শিল্প ও ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বহু মানুষ যুক্ত থাকেন, এই পরিসংখ্যানেই তা স্পষ্ট। আসলে ভারতে বিয়ে মানেই শুধু দুটি মানুষের নতুন জীবন শুরু নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল আয়োজন। কেনাকাটা, গয়না, পোশাক, আলোকসজ্জা, ফুল, ক্যাটারিং থেকে শুরু করে ফটোগ্রাফি—সব মিলিয়ে বিয়ের মরশুম বহু ব্যবসায়ীর কাছে বছরের অন্যতম বড় উপার্জনের সময়। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত প্রতিবছরই দেশে বিয়ের ধুম পড়ে। গত বছরও এই সময়ে প্রতিদিন লক্ষাধিক বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এবারও সেই ধারার ব্যতিক্রম হচ্ছে না। বরং ৫২ লক্ষ বিয়ের সম্ভাবনা ঘিরে ব্যবসার অঙ্ক যে নতুন উচ্চতায় পৌঁছতে পারে, সেই আশাতেই বুক বাঁধছেন ব্যবসায়ীরা।