শুক্রবারই ল্যান্ডফল ‘আকভান’-এর! হাওড়া-পুরী বন্দে ভারত সহ একাধিক ট্রেন বাতিল, পুরীতে চরম সতর্কতা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি, খালি হচ্ছে পুরীর সৈকত! ২০ নভেম্বর বাতিল কোন কোন ট্রেন? দেখে নিন সম্পূর্ণ তালিকা!
Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ভ্রুকুটি ক্রমশ তীব্র হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে ওড়িশা উপকূলের গোপালপুর ও পুরীর কাছাকাছি এলাকায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যেই এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছে এবং কলকাতাতেও চলছে নাগাড়ে বৃষ্টি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন বাতিল ও সময়সূচি বদলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে শালিমার-পুরী, ভঞ্জপুর-পুরী, বাংরিপোসি-পুরী এবং হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।
একনজরে বাতিল হওয়া ট্রেনের তালিকা:
১৯ নভেম্বর বাতিল: ১২৮৮১ শালিমার-পুরী এক্সপ্রেস এবং ১৮০১৭ ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস।
২০ নভেম্বর বাতিল: ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত, ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত, ১৮৪০১ বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, ১৮৪০২ পুরী-বাংরিপোশি এক্সপ্রেস, ৬৮৪৪১ জলেশ্বর-পুরী মেমু, টাটানগর-বাদামপুর-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং ২০৮৯১/২০৮৯২ টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস।
এছাড়া, ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টার ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের সময়সূচি বদলে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতি ও শুক্রবার যাত্রীদের ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
অন্যদিকে, সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়া ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতে চলছে কড়া নজরদারি ও মাইকিং, বন্ধ রয়েছে দোকানপাট এবং হোটেলগুলিও প্রায় ফাঁকা। আগামী ২১ ও ২২ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরীতে না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা বর্তমানে পুরীতে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আগামী ২১ নভেম্বর পুরীর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা থেকে এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।






