আন্তর্জাতিক

স্বামীর মদতেই এনভিডিয়া সিইওর সঙ্গে পরকীয়া! আমেরিকাকে টেক্কা দিতে চিনের ‘চিপ পাচার’ ষড়যন্ত্রের পর্দাফাঁস

জেনসেন হুয়াংয়ের ইস্তফার নেপথ্যে পরকীয়া ও চিপ পাচারের ষড়যন্ত্র! ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক রিপোর্টে তোলপাড় টেক দুনিয়া

Truth of Bengal: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে আমেরিকাকে টেক্কা দিতে চিনের এক চাঞ্চল্যকর গোপন ষড়যন্ত্রের পর্দাফাঁস করল মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা সংস্থা ‘এনভিডিয়া’ (Nvidia)-র প্রাক্তন সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন অ্যালিস নামের এক মহিলা, আর এই গোটা সম্পর্কে পূর্ণ মদত ছিল তাঁর স্বামী কাং ওয়েইয়ের। মূল উদ্দেশ্য ছিল, জেনসেনকে হাত করে আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যন্ত উন্নতমানের চিপ গোপনে চিনে পাচার করা। এই ঘটনায় এনভিডিয়ার অন্দরে চরম টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন জেনসেন হুয়াং।

মার্কিন সংবাদমাধ্যমের তদন্তমূলক রিপোর্টে উঠে এসেছে, একসময় ভিডিও গেম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন কাং ওয়েই এবং সেই সূত্রেই জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রায় ১০ বছরের পরিচয়। অভিযোগ, কাং নিজেই তাঁর স্ত্রী অ্যালিসের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতা করিয়ে দেন। অন্যদিকে, চিনের সরকারি নথি ও শেয়ার বাজারের ফাইলিং ঘেঁটে দেখা গিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে চিন সরকারের প্রত্যক্ষ সাহায্যে নিজ দেশে ৯ বিলিয়ন ডলারেরও (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৯,০০০ কোটি টাকা) বিশাল ডেটা সেন্টার সাম্রাজ্য গড়ে তুলেছেন কাং। সাংহাই-ভিত্তিক তাঁর সংস্থা ‘সেঞ্চুরি লংটেং’-এ চিনা সরকারি সংস্থার অংশীদারিত্ব রয়েছে এবং ২০২২ সালে তারা আমেরিকার নিষিদ্ধ সংস্থা ‘হুয়াওয়ে’-র সঙ্গেও চুক্তিবদ্ধ হয়।

এই গোটা ছকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘুঁটি ছিলেন কাংয়ের স্ত্রী অ্যালিস। তিনি সিঙ্গাপুর-ভিত্তিক সংস্থা ‘মেগাস্পিড’-এর সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। ২০২৩ সালে সংস্থাটি এনভিডিয়ার ‘ক্লাউড পার্টনার’ তকমা পায় এবং চিনের ‘আলিবাবা’-কে নিজেদের বৃহত্তম গ্রাহক হিসেবে দেখিয়ে এনভিডিয়ার চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার আদায় করে নেয়।

তদন্তকারীদের অনুমান, মেগাস্পিডের মাধ্যমে সংগৃহীত সেই উন্নত চিপগুলির একটি অংশ পরবর্তীতে ঘুরপথে চিনে কাংয়ের আনহুই ও সিচুয়ান প্রদেশের বিশাল ডেটা সেন্টারগুলিতে পাঠানো হয়েছিল। যদিও চিনের সরকারি রেকর্ডে এর সরাসরি উল্লেখ নেই এবং ‘মেগাস্পিড’ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি চিনা দূতাবাসও এই রিপোর্টকে ‘ভিত্তিহীন অনুমান ও অপবাদ’ বলে উড়িয়ে দিয়েছে। তবে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং তদন্ত বিশ্বজুড়ে প্রযুক্তি মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছে।