‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙা থেকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর!
তৃণমূল জমানায় মুর্শিদাবাদে একাধিক হিংসার ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
Truth of Bengal: মঙ্গলবার কার্তিক মহারাজের আমন্ত্রণে ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে সরব হন তিনি। মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ ও বেলডাঙার অশান্তির প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, কেন বারবার অশান্ত হবে এলাকা? কেন ট্রেনে ইট ছোড়া হবে? কেন কথায় কথায় জাতীয় সড়ক অবরোধ করা হবে?
তৃণমূল জমানায় মুর্শিদাবাদে একাধিক হিংসার ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিলের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা এবং হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনা উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, রাজ্যে কোনও ধরনের সন্ত্রাস বা ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নারী সুরক্ষা, জননিরাপত্তা এবং সার্বিক উন্নয়নই রাজ্য সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
এদিন ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও বলেন শুভেন্দু। লক্ষ কণ্ঠে গীতাপাঠের উদ্যোগের জন্য কার্তিক মহারাজের প্রশংসা করেন তিনি। পাশাপাশি জগদ্ধাত্রীপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।






