রাতের অন্ধকারে কুণাল ঘোষের দুয়ারে কার্তিক! মূর্তির সঙ্গে রয়েছে চিরকুট
মূর্তির গায়ে সেঁটে দেওয়া হয়েছে একটি চিরকুট
Truth of Bengal: কার্তিক পুজো মানেই বাংলার ঘরে ঘরে মজার ছলে কার্তিক ঠাকুর ফেলে আসার হইচই। বিশেষ করে নতুন বিবাহিত দম্পতিদের বাড়িতে রাতের অন্ধকারে কার্তিক মূর্তি রেখে আসার রীতি বেশ পরিচিত। কিন্তু এবার সেই মজার রীতিই ঘিরে তৈরি হল রাজনৈতিক কৌতূহল। রাতের অন্ধকারে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ির সদর দরজার সামনে রেখে যাওয়া হল কার্তিক ঠাকুরের মূর্তি। আর শুধু মূর্তি রেখেই ক্ষান্ত হননি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মূর্তির গায়ে সেঁটে দেওয়া হয়েছে একটি চিরকুট। তাতে কুণাল ঘোষের নামের পাশাপাশি উল্লেখ রয়েছে এক তরুণীর নামও। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনাটি প্রকাশ্যে এনেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত। নিজের ফেসবুক প্রোফাইলে কুণাল ঘোষের বাড়ির সামনে রাখা কার্তিক ঠাকুরের ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে মূর্তির গায়ে লাগানো কাগজে লেখা রয়েছে, ‘আমাকে নাও, কুণাল কুমার ঘোষ অর্পিতা চৌধুরী।’ চিরকুটে অর্পিতা চৌধুরীর নাম থাকতেই বিষয়টি নিয়ে নেটপাড়ায় কৌতূহল আরও বেড়েছে। কে বা কারা এই কাণ্ড ঘটাল, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বাংলার লোকাচার অনুযায়ী, কার্তিক পুজোর আগে রাতের অন্ধকারে পরিচিত কারও বাড়িতে কার্তিক ঠাকুর রেখে আসার চল রয়েছে। সাধারণত সদ্য বিবাহিত দম্পতিদের বাড়িকেই এই মজার রীতির জন্য বেছে নেওয়া হয়। অনেক সময় বন্ধুবান্ধব বা পরিচিতরা হাসিঠাট্টার ছলেই এমন কাণ্ড ঘটান। তবে এবার সেই কার্তিক ঠাকুর পৌঁছে গেলেন সরাসরি এক রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ির দরজায়। ফলে নিছক মজার ঘটনা ছাপিয়ে তা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কারা তাঁর বাড়ির সামনে কার্তিক মূর্তি রেখে গিয়েছেন, সেই বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি। ঋজু দত্তের পোস্ট সামনে আসার পর থেকেই ছবি ও ভিডিও ঘিরে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এদিকে কার্তিক ঠাকুরকে ঘিরে মজার কাণ্ডের তালিকায় শুধু কুণাল ঘোষের বাড়িই নয়, রয়েছে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর বাড়িও। সোমবার রাতে কার্তিক পুজো উপলক্ষে কৌস্তভের বাড়িতে হাজির হন তাঁর দলের কর্মীরা। সঙ্গে ছিল গানবাজনা এবং রীতিমতো উৎসবের আয়োজন। বাড়ির সামনে কার্তিক ঠাকুর রেখে কর্মীদের এমন কাণ্ড দেখে হাসি সামলাতে পারেননি বিধায়কও।





