মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র তলব প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে! ডাক পড়ল স্বামীরও
মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে চার্জশিটের পর এবার ডাক পড়ল সাবিনা ও মেহবুব আলমের!
Truth of Bengal: মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে ফের তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। শুধু সাবিনাই নন, এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই তাঁদের দু’জনকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। এই নতুন তলবকে ঘিরে মালদহের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছিল গত ১ এপ্রিল। এসআইআর (SIR) পর্ব চলাকালীন মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে বিডিও অফিসের ভেতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিয়ে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তা ও হামলার এই গুরুতর ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতার চার্জশিটে ২২ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিটে ১ জন অভিযুক্তের নাম রয়েছে। অর্থাৎ, মোট ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। ধৃত ও অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কঠোর ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীর ওপর হামলা ও হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধাদানের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, এই মামলায় এর আগে গত ২৪ সেপ্টেম্বরও সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। সেদিন বেলা ১১টা নাগাদ কালিয়াচক থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছিল। তবে সেই সময় তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলম অসুস্থ থাকায় এবং কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকায় সাবিনা কলকাতাতেই ছিলেন। ফলে কালিয়াচক থানার পরিবর্তে তিনি কলকাতার এনআইএ দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছিলেন। এবার ফের একবার বিধায়ক এবং তাঁর স্বামীকে একসঙ্গে তলব করায় তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সব মহলের।






