নির্জন জঙ্গলে ইন্ডিগোর বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, ডাকাতের গল্প ফেঁদেও পুলিশের জালে বন্ধু!
ডাকাতি নাকি সম্পর্কের টানাপোড়েন? দিওয়ালির ছুটিতে বাড়ি ফিরে প্রাণ হারালেন পুণের বাসিন্দা ইন্ডিগো কর্মী
Truth of Bengal: দিওয়ালির ছুটিতে বাপের বাড়িতে বেড়াতে এসে নির্জন জঙ্গলে রহস্যজনকভাবে প্রাণ হারালেন ইন্ডিগো এয়ারলাইন্সের এক বিমানসেবিকা। মৃত ওই ৩৫ বছর বয়সী তরুণীর নাম বর্ষা তুরকর। গত ১৪ নভেম্বর, শনিবার মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বন্দ্রানী জঙ্গলের ভেতর একটি নদীর ধার থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাঁর সঙ্গে থাকা বন্ধু ডাকাতির তত্ত্ব খাঁড়া করলেও, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশের দৃঢ় অনুমান, এটি নিছক ডাকাতি নয়, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই বিমানসেবিকাকে। এই ঘটনায় সন্দেহভাজন বন্ধু রীতেশ আগরওয়ালকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ষার বাপের বাড়ি মহারাষ্ট্র সীমান্ত সংলগ্ন মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কিনহি গ্রামে। দিওয়ালি উপলক্ষে ছুটি নিয়ে সম্প্রতি তিনি বাপের বাড়িতে এসেছিলেন। শনিবার বিকেল ৪টে নাগাদ কলেজবেলার বন্ধু রীতেশ আগরওয়ালের সঙ্গে বন্দ্রানী জঙ্গলে নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন বর্ষা। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ রীতেশ বর্ষার পরিবারকে ফোন করে দাবি করেন, জঙ্গলের মধ্যে মুখে মাস্ক পরা একদল ডাকাত তাঁদের ওপর হামলা চালিয়েছে এবং বর্ষাকে গুরুতর জখম করেছে।
খবর পেয়েই পরিবারের সদস্যরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় বর্ষাকে উদ্ধার করে নিকটবর্তী খাইরলানজি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার তদন্তে নেমেই রীতেশের বয়ানে একাধিক অসঙ্গতি খুঁজে পান তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বর্ষার পিঠে ধারালো অস্ত্রের চারটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে। অথচ রীতেশের শরীরে সামান্যতম আঁচড় বা আঘাতের চিহ্নও মেলেনি। পুলিশের প্রশ্ন, ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি বা সংঘর্ষ হলে রীতেশ কীভাবে সম্পূর্ণ অক্ষত থাকলেন?
জানা গিয়েছে, ২০২৪ সালে সমর সইদ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল বর্ষার। কর্মসূত্রে দম্পতি পুণেতে বসবাস করতেন এবং তাঁদের আড়াই বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বিবাহিত হওয়া সত্ত্বেও বর্ষা কেন ওই বন্ধুর সঙ্গে নির্জন জঙ্গলে গিয়েছিলেন এবং এর নেপথ্যে কোনও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।






