পানিহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর!
গোষ্ঠীকোন্দলে নিহত বিজেপির নেত্রীর স্বামী! কাঠগড়ায় 'নব্য বিজেপি', আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিধায়ক রত্না দেবনাথের
Truth of Bengal: পানিহাটিতে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। মৃত ওই বিজেপি কর্মীর নাম অরূপ সাহা। চাঞ্চল্যকর এই ঘটনায় আঙুল উঠেছে বিজেপিরই একাংশের বিরুদ্ধে। নিহতের স্ত্রী তথা পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার বিস্ফোরক অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা দুষ্কৃতীরাই এই নৃশংস হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। দলের অন্দরে ‘নব্য বনাম আদি’ সংঘাত ও বহিরাগতদের দাপট নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে এগিয়ে যান মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করতেই বিজেপি কর্মীদের একাংশ রুমাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং চড়াও হয়। স্ত্রীকে বাঁচাতে ছুটে আসেন স্বামী অরূপ সাহা। তখনই হামলাকারীরা অরূপের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্বামীর মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে রুমা সাহা অভিযোগ করেন, “তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই এই হামলা চালিয়েছে।” অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক মন্তব্য করেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথও। তিনি সরাসরি দলের জেলা নেতৃত্বের দিকে আঙুল তুলে বলেন, “৪ তারিখের পর যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁরাই এখন দলে বেশি গুরুত্ব ও সহযোগিতা পাচ্ছেন। ওয়ার্ড প্রেসিডেন্ট ২৯টি ওয়ার্ডেই ২৯ জন কনভেনর বসিয়ে দিয়েছেন, যাঁদের বেশিরভাগই তৃণমূলের লোক। তারাই দলবল নিয়ে এসে সমস্ত ঝামেলা পাকাচ্ছে।”
শুধু তাই নয়, বিধায়ক রত্না দেবনাথ আরও অভিযোগ করেন, “নির্মল ঘোষ সম্প্রতি মামলা থেকে জামিন পেয়ে বাইরে বেরিয়েছেন। তিনি এতটাই সক্রিয় হয়ে উঠেছেন যে, আমাদের কিছু বিজেপি নেতাও গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন। এর ফলেই গোটা পানিহাটি আজ উত্তপ্ত হয়ে উঠেছে।” গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তি এবং রুমা সাহার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন স্থানীয় বিধায়ক। এই ঘটনায় পানিহাটির রাজনৈতিক পারদ চরম পর্যায়ে পৌঁছেছে।






