দেশ

২৬/১১-র কায়দায় হামলার প্রস্তুতি? মুম্বইয়ের একাধিক স্পর্শকাতর এলাকায় রেইকির অভিযোগ

পুলিশ সূত্রে খবর, আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ ছিল যশের।

Truth of Bengal: ২৬/১১ মুম্বই হামলার স্মৃতি এখনও তাজা। দেড় দশকেরও বেশি সময় পর ফের মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবার জঙ্গি হামলার অন্যতম নিশানা ইহুদি ধর্মীয়স্থান নরিমান হাউস, অর্থাৎ চাবাড় হাউসে ‘রেইকি’ করার অভিযোগে গ্রেপ্তার হলেন ২০ বছরের এক যুবক। ধৃতের নাম যশ সিং। তিনি নভি মুম্বইয়ের আইরোলি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ ছিল যশের। তদন্তকারীদের দাবি, বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই তিনি বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। তাঁর কাছ থেকে ইহুদি সম্প্রদায়ের মানুষ, বিদেশি নাগরিক এবং তাঁদের ব্যবসা সংক্রান্ত একাধিক ছবি উদ্ধার হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যবহৃত গাড়ি এবং যাতায়াতের গতিবিধি সংক্রান্ত তথ্যও মিলেছে বলে দাবি পুলিশের।

তদন্তকারীদের অনুমান, এই সমস্ত সংবেদনশীল তথ্য বিদেশি হ্যান্ডলারদের কাছে পাঠাতেন ধৃত যুবক। শুধু নরিমান হাউস নয়, মুম্বইয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর সন্দেহজনক গতিবিধির খোঁজ মিলেছে। গোপন সূত্রে খবর পেয়েই মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, কেরল পুলিশের নজরেও ছিলেন যশ। ত্রিশূরে ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল কেরল পুলিশ। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক অপরাধচক্রের যোগাযোগ, বিদেশি হ্যান্ডলারদের ভূমিকা এবং তাঁর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই গ্রেপ্তারির পর ফের প্রশ্ন উঠছে, মুম্বইয়ে কি নতুন করে কোনও নাশকতার ছক তৈরি হচ্ছিল?

Related Articles