নভেম্বরের শেষেই সংসদের বিশেষ অধিবেশন? সাংসদদের তৈরি থাকার বার্তা বিজেপির
লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাস করাতেই এই অধিবেশন ডাকা হতে পারে।
Truth of Bengal: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মাঝেই নভেম্বরের শেষদিকে সংসদের বিশেষ অধিবেশন বসার সম্ভাবনা। লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাস করাতেই এই অধিবেশন ডাকা হতে পারে। আর সেই প্রস্তুতি হিসেবেই ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিজেপির সমস্ত সাংসদকে কলকাতা অথবা দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।
শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে রাজ্যের বিজেপি সাংসদদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে সংসদের বিশেষ অধিবেশন এবং গুরুত্বপূর্ণ বিল পেশের সম্ভাবনার কথা জানিয়ে ওই ১০ দিন অন্য কোথাও ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে।
মহিলা সংরক্ষণ আইনের সঙ্গে সম্পর্কিত এই সংবিধান সংশোধনী বিল পাস করাতে লোকসভা ও রাজ্যসভা, দুই কক্ষেই প্রয়োজন দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন। গত এপ্রিল মাসে প্রয়োজনীয় সমর্থন না মেলায় বিলটি পাস করাতে পারেনি বিজেপি। তবে সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এবার দুই কক্ষেই প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা সম্ভব।
বিল অনুযায়ী, লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রয়েছে। প্রতিটি রাজ্যে আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এই বিল পাস করাতে লোকসভায় প্রয়োজন ৩৬০ জন সাংসদের সমর্থন। বর্তমানে এনডিএর হাতে রয়েছে ৩১৭ জন সাংসদের সমর্থন।
রাজনৈতিক মহলে জল্পনা, ডিএমকে এবং সমাজবাদী পার্টির সমর্থন পেতেই তৎপর বিজেপি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে, উত্তরপ্রদেশে আসন বৃদ্ধির সম্ভাবনার কারণে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনও পেতে পারে বিজেপি। এই দুই দলের সমর্থন মিললে সংসদের দুই কক্ষেই বিল পাসের পথ অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


