অভিষেককে ফের পুলিশের তলব! জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্টের জেরে থানায় হাজিরার নির্দেশ
অভিযোগ, জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক।
Truth of Bengal: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট ঘিরে নতুন করে আইনি জটিলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজরাটিদের ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে তাঁকে ফের তলব করল ভবানীপুর থানার পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
অভিযোগ, জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক। এই মন্তব্যের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। তাঁর দাবি, অভিষেকের মন্তব্য জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগে মামলা হয়েছে।
অন্যদিকে, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগেও নতুন করে বিপাকে অভিষেক। গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন তিনি। সরকার পরিবর্তনের পর সংশ্লিষ্ট পুলিশকর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক মহিলা।
সেই মামলায় শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেককে হাজিরার নোটিস দেয় পুলিশ। আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হতে বলা হয়েছে। অর্থাৎ, পরপর দুটি মামলায় পুলিশের তলব ঘিরে নতুন করে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






