লিটারপ্রতি ৪৩ টাকা! জ্বালানির দাম বাড়ার বোঝা নিজের কাঁধে নিল কেন্দ্র, দাবি মোদির
কেন্দ্রীয় সরকার সেই অতিরিক্ত বোঝা সাধারণ মানুষের উপর চাপতে দেয়নি
Truth of Bengal: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছিল অস্থিরতা। তার প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ায় দেশে পেট্রল ও ডিজেলের সরবরাহ এবং মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ করেছিল বলেই দাবি মোদি সরকারের। এবার সেই সাফল্যের কৃতিত্ব নিজেই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত কিষান সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছিল, তার সম্পূর্ণ প্রভাব ভারতের বাজারে পড়তে দিলে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা বেড়ে যেত। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই অতিরিক্ত বোঝা সাধারণ মানুষের উপর চাপতে দেয়নি। বরং দামবৃদ্ধির বড় অংশ নিজেদের কাঁধে তুলে নিয়েছে সরকার।
মোদির কথায়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সরকার সিদ্ধান্ত নেয়, এই চাপ কোনওভাবেই কৃষক বা সাধারণ মানুষের উপর চাপানো হবে না। শেষ পর্যন্ত মাত্র ৭ টাকা দাম বাড়ানো হয়েছে। বাকি ৪৩ টাকার আর্থিক বোঝা সরকার নিজেরাই বহন করেছে। প্রধানমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি স্বীকার করতে হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বোঝাতে চেয়েছেন, বিশ্বের একাধিক দেশের তুলনায় ভারতে জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব অনেকটাই কম রাখা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে বড়সড় উল্লম্ফন হলেও তার সম্পূর্ণ অভিঘাত যাতে দেশের কৃষি, পরিবহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে না পড়ে, সেদিকেই নজর রেখেছিল কেন্দ্র।
এদিকে বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের তীব্রতা অনেকটাই কমেছে। দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। যুদ্ধের উত্তেজনার সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বর্তমানে তা কমে প্রায় ৭০ থেকে ৭৫ ডলারের মধ্যে ঘোরাফেরা করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও যুদ্ধের সময় জ্বালানি বাজার সামাল দিতে সরকারকে যে বিপুল আর্থিক চাপ নিতে হয়েছে, সেই বিষয়টিই সামনে আনতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও দেশের বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকার কথা তুলে ধরে মোদির দাবি, সাধারণ মানুষকে বড়সড় মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে রক্ষা করতেই সরকারকে বিপুল আর্থিক বোঝা বহন করতে হয়েছে।






