রাজ্যের খবর

বরানগরে রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ!

কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত?

Truth of Bengal: বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হল এক তরুণীর নিথর দেহ। উত্তর ২৪ পরগনার বরানগরের এই ঘটনায় ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে ওই তরুণীকে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বলে সূত্রের খবর। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? কী কারণে তাঁকে খুন করা হল? সমস্ত দিক খতিয়ে দেখে রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অঞ্জলি সাউ। তিনি ডানলপের বাসিন্দা। বরানগরে তাঁর দিদি ও জামাইবাবুর একটি ফ্ল্যাট রয়েছে। সেটি ফাঁকা থাকায় মঙ্গলবার সেখানে গিয়েছিলেন অঞ্জলি। পরিবারের দাবি, বিকেল ৪টের পর থেকে তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। বারবার ফোন করেও সাড়া না মেলায় উদ্বেগ বাড়তে থাকে পরিবারের সদস্যদের। শেষ পর্যন্ত থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা সেখানে পৌঁছন। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কা দেওয়া ও ডাকাডাকি করেও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। শেষমেশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, ফ্ল্যাটের মধ্যে পড়ে রয়েছে অঞ্জলির দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে খুনের আশঙ্কা আরও জোরালো হয়েছে।

তবে তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, ফ্ল্যাটের দরজা বন্ধ থাকল কীভাবে? জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে এমন ধরনের লক রয়েছে, যা বাইরে থেকেও বন্ধ করা সম্ভব। ফলে দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল, নাকি বাইরে থেকে কেউ লক করে চলে গিয়েছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই বিষয়টিও বিশেষভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, আবাসনের পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার ওই ফ্ল্যাট বা আবাসনে কারা যাতায়াত করেছিলেন, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মৃতার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং আবাসনের অন্যান্য বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles