“তোলাবাজ ভাইপো আর বিখ্যাত পিসির তাণ্ডব!”, কালীঘাটের ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের নিজের বেতন থেকে সাহায্য মুখ্যমন্ত্রীর
কালীঘাটের মৃৎশিল্পীদের চোখের জল মুছে কড়া বার্তা! ‘তোলাবাজ ভাইপো’কে রুখতে পুলিশকে আলটিমেটাম মুখ্যমন্ত্রীর
Truth of Bengal: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছিল কালীঘাটের স্বাভাবিক জীবনযাত্রা। অনুগামীদের ভিড় ও ব্যারিকেডের ঠেলায় কালীপুজোর আগে তৈরি করা প্রতিমা মণ্ডপে নিয়ে যেতে মারাত্মক সমস্যায় পড়তে হয় এলাকার মৃৎশিল্পীদের। এর ফলে শেষ মুহূর্তে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন তাঁরা। মঙ্গলবার ভবানীপুরের সভা থেকে সেই ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের বেতন থেকে ৮০ জন মৃৎশিল্পীর হাতে ৭ হাজার টাকা করে তুলে দেন তিনি।
ভবানীপুরের জনসভা থেকে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তোলাবাজ ভাইপো ও তাঁর বিখ্যাত পিসির জন্যই আজ এই মৃৎশিল্পীরা সর্বস্ব হারিয়েছেন। কালীপুজোর মুখে তাঁদের আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতি হয়ে গিয়েছে। ভাইপোর মতো আমার অত অঢেল টাকা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমি যে বেতন পাই, সেখান থেকেই যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। ৮০ জন মৃৎশিল্পীকে ৭ হাজার টাকা করে সহযোগিতা করা হল।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, এই ঘটনা শুধু এ বছরের নয়। প্রতি বছরই এই একটি পরিবারের অত্যাচার ও দাদাগিরির কারণে সাধারণ ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের বলির পাঁঠা হতে হয়। বিশেষ করে তৃণমূলের অন্দরে ‘ভাইপো সংস্কৃতি’ আসার পর থেকে কালীঘাট ও ভবানীপুর এলাকায় অনাবশ্যক ‘ভিআইপি কালচার’ তৈরি করা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে।
এদিনের সভা থেকেই ভিআইপি কালচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে কালীঘাট থানা, ভবানীপুর থানার ওসি এবং ডিসি সাউথকে কড়া বার্তা দিয়ে তিনি জানান, আগামী দিনে জগদ্ধাত্রী, কার্তিক কিংবা সরস্বতী পুজোয় যেন কোনওভাবেই রাস্তা বন্ধ বা ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের যাতায়াত না আটকানো হয়। মৃৎশিল্পীদের প্রতিমা নিয়ে যেতে যদি আবারও কোনও বাধা আসে বা পুলিশের গাফিলতি পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
তাঁর স্পষ্ট বার্তা, “কোনও পরিবারের জন্মদিনের আড়ম্বরের জন্য সাধারণ মানুষের রুটিরুজি বন্ধ হতে দেওয়া যাবে না। ভিআইপি কালচারের নামে রাজত্ব চালানো এবার বন্ধ হওয়া দরকার।”






