কলকাতা

চোরবাগান কাণ্ডে বিস্ফোরক তথ্য! ভিড় সামলানোর দায়িত্বে ছিলেন অনভিজ্ঞ ৬০ জন

ঘটনার তদন্তে এখনও পর্যন্ত প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ৪০ জন পুলিশকর্মী ও আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে SIT।

Truth of Bengal: চোরবাগান পুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ভিড় সামলানোর দায়িত্বে থাকা প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষীর কারও কোনও প্রশিক্ষণ ছিল না। এমনকী, পুজোর ভিড় নিয়ন্ত্রণের অভিজ্ঞতাও ছিল না তাঁদের। লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা SIT-এর জিজ্ঞাসাবাদে এই তথ্য সামনে এসেছে।

ঘটনার তদন্তে এখনও পর্যন্ত প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ৪০ জন পুলিশকর্মী ও আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে SIT। তদন্তকারীরা জানতে পেরেছেন, চোরবাগানের পুজো উদ্যোক্তারা দু’জন ব্যক্তির মাধ্যমে নিরাপত্তারক্ষী নিয়োগ করেছিলেন। ওই দু’জনের একটি সংস্থা রয়েছে। আগেও এই সংস্থার মাধ্যমে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল।

তদন্তে জানা গিয়েছে, পুজোর আগে গিরিশ পার্ক, জোড়াসাঁকো-সহ মধ্য কলকাতার বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করেছিলেন সংস্থার দুই কর্তা। তাঁদের অনেকেই অন্য পেশার সঙ্গে যুক্ত। সামান্য বাড়তি রোজগারের আশায় পুজোর সময় ভিড় সামলানোর কাজে যোগ দিয়েছিলেন তাঁরা। কিন্তু কাউকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়নি।

নিরাপত্তারক্ষীদের শুধু বলা হয়েছিল, মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে দর্শনার্থীদের লাইনে রাখতে হবে। কেউ যাতে ছবি বা সেলফি তুলতে গিয়ে দীর্ঘক্ষণ না দাঁড়ান এবং দ্রুত মণ্ডপ থেকে বেরিয়ে যান, তা নিশ্চিত করতে হবে। কিন্তু অতিরিক্ত ভিড় হলে বা দর্শনার্থীরা বেরোতে না চাইলে কী করতে হবে, সে বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি।

তদন্তকারীদের আরও জানা গিয়েছে, মণ্ডপের প্রস্থান গেট থেকে বাইরের লোহার গেট পর্যন্ত প্রায় ২০ ফুট জায়গায় কোনও পুলিশকর্মী বা নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন না। মণ্ডপের ভিতরে এবং লোহার গেটের বাইরে পুলিশ ও নিরাপত্তারক্ষী থাকলেও মাঝের অংশটি কার্যত নজরদারির বাইরে ছিল।

বিপর্যয়ের আগে বৃষ্টির কারণে বহু দর্শনার্থী মণ্ডপ থেকে বেরোতে চাইছিলেন না। সেই সময় প্রবেশপথ দিয়েও অতিরিক্ত মানুষ মণ্ডপে ঢুকে পড়েন। অনভিজ্ঞ নিরাপত্তারক্ষী, প্রশিক্ষণের অভাব এবং গুরুত্বপূর্ণ অংশে নজরদারির ঘাটতিকেই চোরবাগানের পদপিষ্ট হওয়ার ঘটনার অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে খতিয়ে দেখছেন গোয়েন্দারা।