শীতে কাঁপছে বঙ্গবাসী, কলকাতার পারদ আরও নামবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে এবং আগামী কয়েকদিন ভরপুর শীতের অনুভূতি মিলবে।
Truth Of Bengal: নভেম্বরের শীতের আশায় ছিল বঙ্গবাসী। ডিসেম্বরের সপ্তাহেই অপেক্ষা কাটিয়ে শীত এসে ধরা দিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিন এখন একটু একটু করে পারদ নামছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে এবং আগামী কয়েকদিন ভরপুর শীতের অনুভূতি মিলবে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমের দিক থেকে শীতল বাতাস অবাধে ঢুকতে থাকায় সাধারণ মানুষের মধ্যে শীতের প্রভাব আরও বাড়বে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে।
তাপমাত্রা কমার পাশাপাশি কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—এই সব জেলাজুড়ে সকালে কুয়াশা ও শিশিরপাতের প্রভাব দেখা যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা আরও ঘন হতে পারে, তবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার হবে। এখনও পর্যন্ত কোনও জেলায় কুয়াশা সতর্কতা জারি হয়নি; বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দফতর জানাচ্ছে, রাজ্যে বর্তমানে কোনও নতুন আবহাওয়াগত সিস্টেম নেই, ফলে শীতের পথে কোনও বাধাও নেই।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে, যা গত কয়েকদিনের তুলনায় আরও শীতল।
উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আগামী কয়েকদিনে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার কারণে সকালে দৃশ্যমানতা কমতে পারে।






