রাজ্যের খবর

ভাইফোঁটায় এবার নতুন চমক! কাঁচা পটলের মিষ্টিতে জিভে জল ভাইদের

ভাইফোঁটায় অবাক করার মতো মিষ্টি! পটলের দরমা নয়, এবার পাতে আসবে কাঁচা পটলের মিষ্টি

মাধব দেবনাথ, নদিয়া: বাঙালির প্রিয় খাবার পটলের দরমা বা পটল চিংড়ি। কিন্তু কখনও কি শুনেছেন কাঁচা পটলের মিষ্টি? এবার ভাইফোঁটায় এমনই এক নতুন চমক নিয়ে এসেছে নদিয়ার মিষ্টি ব্যবসায়ীরা। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বাঙালির এক অন্যতম প্রধান উৎসব। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যম দুয়ারে কাঁটা দেয়। আর এই উৎসবের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে মিষ্টি।

পটলের মিষ্টি? অবাক মিষ্টিপ্রেমীরা!

নদীয়ার মিষ্টির দোকানে কাঁচা পটলের মিষ্টি দেখে অনেকেই অবাক। সাধারণত পটলের তরকারি খেয়েই অভ্যস্ত নদিয়ার মিষ্টিপ্রেমীরা। কিন্তু এবার মিষ্টি রূপে পটলের নতুন রূপ দেখে অনেকেই হতবাক। মিষ্টি ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই মিষ্টি তৈরি করতে এক নতুন ভাবনা ছিল তাদের। অন্যান্য মিষ্টি তৈরি থেকে একটু আলাদাভাবে তৈরি করতে হয় এই মিষ্টি, এছাড়াও দক্ষ কারিগর দ্বারা তৈরি হয়ে থাকে।

ভেষজ উপায়ে তৈরি সুস্বাদু মিষ্টি

ক্রেতারা জানাচ্ছেন, এ বছর পটলের মিষ্টি দেখে আমরা হতবাক, তবে যথেষ্ট সুস্বাদু এবং খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই মিষ্টি। মিষ্টি ব্যবসায়ীরা আরও জানাচ্ছেন, এই মিষ্টিতে বিভিন্ন উপকরণ থাকলেও মেশানো হয়নি রং, সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি করা হয় পটল মিষ্টি। ফলে এই মিষ্টি শরীরের জন্যও বেশ উপকার।

ভাইফোঁটায় নতুনত্বের স্বাদ

ভাইফোঁটা উপলক্ষে নদিয়ার মিষ্টি ব্যবসায়ীরা প্রতি বছরই নতুন কিছু মিষ্টির সম্ভার নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম নয়। কাঁচা পটলের মিষ্টি ছাড়াও এখানে মিলছে আরও নানা রকমের সুস্বাদু মিষ্টি। বলাই বাহুল্য, এবছর ভাইফোঁটাই নদিয়ার মিষ্টি শিল্পের এক অন্যতম নাম কাঁচা পটলের মিষ্টি।