কালী মায়ের সামনে হাউহাউ করে কান্না! কী প্রার্থনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
চামর হাতে মন্ত্রপাঠ করতে করতে আরতি করলেন সাংসদ।
Truth of Bengal: বছরের পর বছর ধরে চলে আসছে একই রীতি। কালীপুজোর সময় যতই ব্যস্ততা থাকুক, বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়ির পুজোয় হাজির হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মায়ের আরতির সময় যেন বদলে যায় তাঁর পরিচিত রাজনৈতিক ও আইনজীবীর সত্তা। কালো কোর্টের বাইরের এক আবেগপ্রবণ কল্যাণকে দেখা যায় দেবীর সামনে। এবারও তার ব্যতিক্রম হল না। চামর হাতে মন্ত্রপাঠ করতে করতে আরতি করলেন সাংসদ। আর তারপরই কালী প্রতিমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তিনি।
রবিবার গভীর রাতে বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে পৌঁছন কল্যাণ। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়ির মন্দিরে কালীপুজোয় অংশ নেন তিনি। পুজোর পর নিজেই দেবীর আরতি করেন। সেই সময় মন্ত্রপাঠ করতে করতেই চোখের জল ধরে রাখতে পারেননি তৃণমূল সাংসদ। আরতি শেষে প্রতিমাকে জড়িয়ে ধরে কার্যত হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে। দেবীর কাছে প্রার্থনা জানাতে গিয়ে কল্যাণের মুখে শোনা যায়, “বাংলার মানুষ শান্তিতে নেই, মা। যে সব দানবগুলি ৬ মাস ধরে বাংলার শান্তি কেড়ে নিয়েছে সেই দানবগুলিকে বধ করে দাও মা।” বাংলার শান্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে এভাবেই মায়ের কাছে নিজের মনের কথা তুলে ধরেন শ্রীরামপুরের সাংসদ।
উল্লেখ্য, সারা বছর দিল্লি, কলকাতা কিংবা শ্রীরামপুরে রাজনৈতিক ও আইনি কাজ নিয়ে ব্যস্ত থাকলেও কালীপুজোর সময় নিজের বাঁকুড়ার বাড়িতে আসার নিয়মে কখনও ছেদ পড়েনি কল্যাণের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও বজায় রয়েছে সেই পারিবারিক রীতি। এবারও পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি রবিবার রাতের পর সোমবার দুপুরেও বাড়ির মন্দিরে পুজোপাঠ করেন তিনি। ফের নিজের হাতে দেবীর আরতি করেন। আর সেই আরতির মুহূর্তেই আবেগ সামলাতে না পেরে কালীপ্রতিমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তৃণমূল সাংসদ।






