পুলিশি জেরায় স্বামীর উপর অত্যাচার! সুমিত রায়ের নিরাপত্তা চেয়ে হাই কোর্টে স্ত্রী
পুলিশের হেফাজতে তাঁর স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি
Truth of Bengal: ডায়মন্ড হারবারের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। পুলিশের হেফাজতে তাঁর স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি, গোটা টাকা উদ্ধারের ঘটনাটিকেই সাজানো বলে দাবি করেছেন সুস্মিতা। স্বামীর নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
হাই কোর্টে দায়ের করা আবেদনে সুস্মিতার দাবি, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। বরং জোর করে সুমিতের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ। এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বিকল্প হিসেবে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্তের আর্জি জানিয়েছেন। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের একটি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তদন্তকারীদের দাবি, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ওই টাকার সন্ধান পাওয়া যায়। যদিও প্রথম থেকেই এই ঘটনাকে পুলিশের সাজানো বলে অভিযোগ করে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা তৈরি করেছে পুলিশ। এবার কার্যত সেই একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী।
প্রসঙ্গত, শালবনির জমি দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল সুমিত রায়কে। ওই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখানেও স্বস্তি মেলেনি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাই কোর্টে মামলা করেন সুমিত। তবে অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দেয়, তাঁকে জামিন দেওয়া হলে রাজনৈতিকভাবে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১৬ নভেম্বর পুজোর ছুটির পর জামিনের মামলার শুনানির দিন ধার্য হয়েছে। এর মধ্যেই পুলিশি হেনস্তা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী।






