বিগ বসের ঘরে ‘রোমিও’র বুকভাঙ্গা কান্নাকাটি! নন্দিনীর বিদায়ে দীপাবলিতেও মনমরা রাজবীর
বিগ বসের তরফে পাওয়া বিশেষ উপহার ‘বাবুসোনা’ নন্দিনীর জন্য তুলে রাখলেন রাজবীর
Truth of Bengal: একসময় বিগ বসের ঘরে তাঁদের খুনসুটি, ঝগড়া আর বাকবিতণ্ডায় সরগরম থাকত পরিবেশ। কিন্তু নন্দিনী ঘর ছাড়তেই যেন বদলে গিয়েছে রাজবীরের মেজাজ। দীপাবলির উৎসবেও হাসিখুশি দেখা গেল না তাঁকে। বরং মনখারাপ নিয়েই কাটল আলোর উৎসবের সন্ধ্যা। বিগ বসের তরফে পাওয়া বিশেষ উপহার ‘বাবুসোনা’ নন্দিনীর জন্য তুলে রাখলেন রাজবীর। অন্যদিকে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনে ব্যস্ত নন্দিনী।
প্রসঙ্গত, বিগ বসের ঘরে রাজবীরের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল নন্দিনীর বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই গত শনিবার শো থেকে নন্দিনীকে বিদায় জানান সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। নন্দিনীর কান্নাকাটি ও বারবার অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। মুম্বই থেকে কলকাতায় ফিরে নিজের ভুলও স্বীকার করে নেন অভিনেত্রী। স্পষ্ট জানান, রাগের বশে এভাবে সীমা অতিক্রম করা তাঁর উচিত হয়নি। এখন অবশ্য পরিবারের সঙ্গেই সময় কাটছে নন্দিনীর। রবিবার দীপাবলির সন্ধ্যায় নিজের বাড়ির উদযাপনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। অন্যদিকে, বিগ বসের বাড়িতে প্রতিযোগীদের ভিড়ের মধ্যেও যেন একাকিত্ব ঘিরে ধরেছে রাজবীরকে। নন্দিনী চলে যাওয়ার পর থেকেই তাঁর চেনা প্রাণোচ্ছল মেজাজ উধাও। মনখারাপ যে এখনও কাটেনি, তা তাঁর আচরণেই স্পষ্ট।
এরই মধ্যে দীপাবলি উপলক্ষে বিগ বসের তরফে প্রত্যেক প্রতিযোগীর জন্য ছিল বিশেষ উপহার। নিজের উপহার হাতে নিয়ে সোজা স্টোর রুমে চলে যান রাজবীর। সেখানে উপহারের বাক্সে লিখে দেন, ‘প্রিয় বাবুসোনা’। অর্থাৎ, বিগ বসের কাছ থেকে পাওয়া উপহারটিও নন্দিনীর সঙ্গে ভাগ করে নিতে চাইলেন তিনি। রাজবীরের এই কাণ্ড দেখে নন্দিনীর প্রতিক্রিয়া কী, তা অবশ্য এখনও জানা যায়নি। রাজবীরের মনখারাপ বুঝতে পেরেই কি তাঁকে সম্পর্ক নিয়ে পরামর্শ দিলেন সৌরভ? শোয়ের সঞ্চালক বলেন, “শোনো, রাজবীর একটু দূরত্ব থাBigg Bossকা ভালো। দু’জন ভালোবাসার মানুষের মধ্যে দূরত্ব থাকলে ভালোবাসা বাড়ে।” সৌরভের এই কথায় মুচকি হাসতে দেখা যায় রাজবীরকে। মাথা নেড়ে সঞ্চালকের পরামর্শেও সম্মতি জানান তিনি।


