কালীপুজোর রাতে বাজির দাপটে নাজেহাল কলকাতা! অতিষ্ঠ বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও
প্রশাসনের নির্দেশ সত্ত্বেও রাত ১০টার পরেও শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজির দাপট কমেনি বলে অভিযোগ।
Truth of Bengal: কালীপুজোর রাতে শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জোরদার অভিযান চালাল কলকাতা পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে ৪৯ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি বাজি ফাটানোর অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রাস্তায় অভব্য আচরণ ও গোলমাল পাকানোর অভিযোগে আটক করা হয়েছে আরও ৫৭ জনকে। সব মিলিয়ে রাত সাড়ে ৮টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার ৬৮ জন।
প্রশাসনের নির্দেশ সত্ত্বেও রাত ১০টার পরেও শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজির দাপট কমেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও।
এদিকে, সাইলেন্স জোনের নিয়ম অমান্য করে এনআরএস হাসপাতালের হস্টেল চত্বরে আতসবাজি ফাটানোর অভিযোগ উঠেছে। সেখান থেকে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র অনুমোদিত সবুজ বাজি ফাটানোর নির্দেশ ছিল। হাসপাতাল, স্কুল-সহ সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানোও নিষিদ্ধ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে লালবাজার।






