আবার এনকাউন্টার বাংলায়! রায়গঞ্জে নাবালিকা খুনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলির লড়াই, নিহত অভিযুক্ত
অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান দিলীপ।
Truth of Bengal: রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত দিলীপ রায়ের। চার দিন ধরে তল্লাশির পর রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের সন্ধানে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালান দিলীপ। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।
গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরিবারের দাবি, সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি সে। দু’দিন পর কুলিকের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, বিহার সীমান্ত পেরিয়ে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা ছিল দিলীপের।
পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে ছিলেন অভিযুক্ত। রাত ৩টের পর সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ রাখা হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটি চতুর্থ এনকাউন্টারের ঘটনা বলে দাবি করা হচ্ছে। এর আগে বারুইপুর, গাইঘাটা এবং মুর্শিদাবাদের সমশেরগঞ্জে পুলিশের গুলিতে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। রায়গঞ্জের ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আইন ভাঙলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হবে। তাঁর কথায়, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং প্রত্যেকেরই আইনের পথে চলা উচিত।






