দীপাবলিতে বাংলার মুকুটে নতুন পালক! স্বচ্ছ সর্বেক্ষণে জাতীয় পুরস্কার পেল তারকেশ্বর
তারকেশ্বরের এই সাফল্যে শহরের বাসিন্দা, সাফাইকর্মী এবং পুরসভার কর্মীদের অভিনন্দন জানিয়েছেন অগ্নিমিত্রা পাল
Truth of Bengal: দীপাবলির উৎসবের আবহেই বাংলার জন্য এল সুখবর। স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬-এর মূল্যায়নে জাতীয় স্তরে পুরস্কার জিতে নিল পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর তারকেশ্বর। দিল্লি থেকে এই সুখবর জানিয়ে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর। আগামী ১১ নভেম্বর ২০২৬, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অগ্নিমিত্রা পলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১০ বছর স্বচ্ছ সর্বেক্ষণে অংশগ্রহণ করেনি পশ্চিমবঙ্গ। ফলে জাতীয় স্তরে পরিচ্ছন্নতার প্রতিযোগিতায় রাজ্যের শহরগুলির মূল্যায়ন কার্যত বন্ধ ছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। অগ্নিমিত্রা পলের দাবি, গত কয়েক মাসে একাধিক সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের ফলে এবারের সমীক্ষায় রাজ্যের অধিকাংশ শহরকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। তারই মধ্যে জাতীয় স্তরে স্বীকৃতি পেল তারকেশ্বর। প্রসঙ্গত, স্বচ্ছ সর্বেক্ষণ হল দেশের বিভিন্ন শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবার মান যাচাইয়ের একটি কেন্দ্রীয় মূল্যায়ন প্রক্রিয়া। শহরের সামগ্রিক পরিচ্ছন্নতা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সাফাই ব্যবস্থা এবং নাগরিক পরিষেবার মতো একাধিক বিষয় খতিয়ে দেখা হয় এই সমীক্ষায়। ১৫০টিরও বেশি পরিচ্ছন্নতা সংক্রান্ত সূচকের ভিত্তিতে শহরগুলির মূল্যায়ন করা হয়।
তারকেশ্বরের এই সাফল্যে শহরের বাসিন্দা, সাফাইকর্মী এবং পুরসভার কর্মীদের অভিনন্দন জানিয়েছেন অগ্নিমিত্রা পল। তাঁর মতে, এই পুরস্কার কোনও একজনের কৃতিত্ব নয়, বরং শহরের প্রতিটি নাগরিক এবং পরিচ্ছন্নতা কর্মীর সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। আগামী দিনে নিয়মিত মূল্যায়ন ও পরিচ্ছন্নতা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলার আরও বেশি শহরকে জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার উপযোগী করে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী। তারকেশ্বরের এই সম্মান সেই উদ্যোগে নতুন উৎসাহ জোগাবে বলেই মনে করা হচ্ছে।






