কলকাতা

রাজ্যের সব সরকারি স্কুলে মিড ডে মিল দেবে ইসকন! নতুন বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন

Truth of Bengal: স্কুলপড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে মিড ডে মিল পরিষেবায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটল রাজ্য সরকার। এবার থেকে ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন। শনিবার এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এতদিন কলকাতার কয়েকটি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু ছিল। এবার সেই পরিধি বাড়িয়ে গোটা রাজ্যে তা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত স্কুলে এই ব্যবস্থা কার্যকর করা হবে। তবে একসঙ্গে সব জেলায় পরিষেবা চালু হচ্ছে না। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অন্নমিত্র ফাউন্ডেশনের মাধ্যমে পড়ুয়াদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। পড়ুয়াদের খাবারের গুণমান ও পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে ইসকনের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত আগস্ট মাসে কলকাতার কয়েকটি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল। সেই সময়ই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ধাপে ধাপে রাজ্যের প্রতিটি জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। এরপর হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুলগুলিতে অন্নমিত্র ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে রাজ্যজুড়ে এই পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার কালীপুজোর আগে নতুন বিজ্ঞপ্তি জারি করে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথেই আরও একধাপ এগোল রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন তৈরির বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। মিড ডে মিল প্রস্তুত ও সরবরাহের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে। এই কাজে অন্নমিত্র ফাউন্ডেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলার প্রশাসন। অর্থাৎ, রান্নার পরিকাঠামো তৈরি থেকে খাবার সরবরাহ—পুরো ব্যবস্থাকে আরও সংগঠিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে নতুন এই সিদ্ধান্ত ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়ার দায়িত্বও কি অন্নমিত্র ফাউন্ডেশনের হাতেই থাকবে, নাকি ডিম সরবরাহের দায়িত্ব আগের মতোই স্কুল কর্তৃপক্ষের উপর থাকবে? এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে নতুন ব্যবস্থায় খাবারের তালিকা ও ডিম সরবরাহের নিয়ম কী হবে, সেদিকেই নজর থাকছে অভিভাবক ও শিক্ষামহলের।

Related Articles