রাজ্যের খবর

একের পর এক বিচারপতির ইস্তফা, এবার ট্রাইব্যুনাল ছাড়লেন বিশ্বজিৎ বসু

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তির জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।

Truth of Bengal: এসআইআর ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রাক্তন বিচারপতি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তির জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে একাধিক বিচারপতি পদত্যাগ করেছেন। টিএস শিবজ্ঞানম, ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় এবং রঞ্জিৎকুমার বাগের পর এবার ট্রাইব্যুনাল ছাড়লেন বিশ্বজিৎ বসুও।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার একাধিক বিচারাধীন ভোটারের নাম সংক্রান্ত মামলার দায়িত্বে ছিলেন তিনি। ইতিমধ্যেই কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ রয়েছে। তার উপর বিচারপতির সংখ্যা কমে যাওয়ায় দ্রুত মামলার নিষ্পত্তি নিয়ে সংশয় বাড়ছে। প্রতিদিন ট্রাইব্যুনালের কাজও হচ্ছে না বলে সূত্রের খবর।

উল্লেখযোগ্যভাবে, রাজ্যে পালাবদলের পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তদন্ত কমিশন গঠন করেছেন, তার নেতৃত্বেও রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই দায়িত্বের সঙ্গে ট্রাইব্যুনাল ছাড়ার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।