কলকাতা

কালীঘাটে ফের উত্তেজনা! মাইক হাতে রাস্তায় মমতা, কী বললেন?

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই মাইক হাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Truth of Bengal: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা আটকে জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে শনিবার ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। রাস্তা বন্ধ থাকায় কালীপ্রতিমা সরবরাহ ও স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তার ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে হবে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই মাইক হাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমায়েতকারীদের উদ্দেশে তিনি রাস্তা ফাঁকা রাখার আবেদন জানান। মমতা বলেন, অভিষেককে শুভেচ্ছা জানাতে যাঁরা আসছেন, তাঁদের স্বাগত। তবে কালীপ্রতিমা নিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করা যাবে না। একইসঙ্গে বিজেপি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, একদিকে হামলা এবং অন্যদিকে মামলা চালিয়ে রাজনৈতিক অশান্তি তৈরি করা হচ্ছে।

মমতার আরও অভিযোগ, তাঁর বাড়ির সামনে বেআইনিভাবে কালীপুজোর আয়োজন করা হয়েছে। এর ফলে বাড়ির পুজোর প্রস্তুতি এবং যান চলাচলে সমস্যা হচ্ছে। কালীঘাট থানার পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করার কথাও বলেন তিনি।

অন্যদিকে, বিজেপি কর্মীদের অভিযোগ, অভিষেকের জন্মদিন উপলক্ষে রাস্তা বন্ধ থাকায় কালীপ্রতিমা নিয়ে যাতায়াত করতে পারছেন না সাধারণ মানুষ। ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই পরিস্থিতির জন্য তৃণমূল নেতৃত্বকে নিশানা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকেই অভিষেকের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে জমায়েত শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা ও হাতাহাতির অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শনিবারও সেই উত্তেজনার রেশ বজায় থাকল কালীঘাটে।

Related Articles