পাকিস্তানের টাকায় চলছে ককরোচ পার্টি! বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র সিং অভিযোগ করেন, দেশের ভিতরে ও বাইরে থাকা কিছু সংগঠন বিদেশি অর্থ নিয়ে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
Truth of Bengal: ককরোচ জনতা পার্টি (CJP)-কে ঘিরে এবার বিদেশি অর্থের মদতের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর দাবি, ভারতবিরোধী বিভিন্ন সংগঠনের কাছ থেকে অর্থ পাচ্ছে এই গোষ্ঠী। এমনকী, অভিজিৎ দীপকে আমেরিকা থেকে এবং আশুতোষ রাঙ্কাকে পাকিস্তানি রাজনীতিবিদরা অর্থ জোগাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। এই দাবির সপক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী।
বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র সিং অভিযোগ করেন, দেশের ভিতরে ও বাইরে থাকা কিছু সংগঠন বিদেশি অর্থ নিয়ে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, এই অর্থের সাহায্যে ডিপ স্টেট এবং ভারতবিরোধী কার্যকলাপ চালানো হচ্ছে। যদিও কী ধরনের প্রমাণ রয়েছে, তা প্রকাশ্যে আনেননি তিনি।
এরপর বিজেপি মুখপাত্র তুহিন এ সিনহাও ককরোচদের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, উৎসবের মরশুমে রাজধানীতে অরাজকতা ছড়ানোই ছিল এই গোষ্ঠীর উদ্দেশ্য। যন্তর মন্তরে প্রতিবাদের অধিকার সরিয়ে নেওয়ার পর সেখানে ঢোকার অভিযোগে আশুতোষ ও সৌরভ দাসকে গ্রেফতার করা হয়েছিল। সাত দিন জেল হেফাজতে থাকার পর তাঁদের ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
কংগ্রেসকেও একইসঙ্গে নিশানা করেছে বিজেপি। তুহিনের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বদনাম করতে কংগ্রেস ও সিজেপি একযোগে কাজ করছে। তবে বিদেশি অর্থের মদত সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি। ককরোচ জনতা পার্টির তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লি পুলিশের তরফে বিদেশি অর্থের যোগ নিয়ে এখনও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।





