চুরি করতে এসে জন্মদিনের কেক সাবাড়! সিসিটিভিতে ধরা পড়ল চোরেদের কাণ্ড
ফ্রিজ খুলে জন্মদিনের কেকটাও চেটেপুটে খেয়ে গেল তারা
Truth of Bengal: চুরি করতে এসে কেক খাওয়ার লোভ সামলাতে পারল না চোরের দল! পাঁচ লাখ টাকার সোনার নেকলেস হাতানোর পরিকল্পনা নিয়ে বাড়িতে ঢুকেছিল তিনজন। কিন্তু নেকলেস তো দূরের কথা, শেষ পর্যন্ত চোরেদের ভাগ্যে জুটল মাত্র দু’টি সোনার পলা আর ৪০ হাজার টাকা নগদ। আর যাওয়ার আগে ফ্রিজ খুলে জন্মদিনের কেকটাও চেটেপুটে খেয়ে গেল তারা! চুরি, লুটপাট, তার সঙ্গে জমিয়ে ভোজ—সব মিলিয়ে গড়িয়ার ফরতাবাদের এই ঘটনায় এখন হাসির রোল উঠেছে। যদিও বাড়ির মালিকের কাছে বিষয়টি মোটেই হাসির নয়। গোটা কাণ্ড ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ।
ঘটনাটি দিন দুয়েক আগের। ফরতাবাদের এক মহিলা সম্প্রতি পাঁচ লাখ টাকা দিয়ে একটি সোনার নেকলেস কিনেছিলেন। সেই নেকলেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন তিনি। আর সেই ছবি দেখেই নেকলেসটির উপর নজর পড়ে চোরেদের। পরিকল্পনা করে এক রাতে বাড়ির গ্রিল কেটে ভিতরে ঢোকে তিনজন। তিনজনেরই পরনে কালো পোশাক, মুখে কালো মাস্ক। যেন চুরি নয়, কোনও গোপন মিশনে এসেছে তারা! কিন্তু বাড়িতে ঢুকেই প্রথম ধাক্কা। সাধের পাঁচ লাখি নেকলেসটি যে নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছেন বাড়ির কর্ত্রী, তা আর জানবে কী করে চোরেরা? ঘরের পর ঘর তন্নতন্ন করে খুঁজেও সেই নেকলেসের দেখা পেল না তারা। শেষমেশ হাতের কাছে যা পেল, তাই নিয়েই সন্তুষ্ট হতে হল। দু’টি সোনার পলা আর আলমারি থেকে ৪০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেওয়ার প্রস্তুতি।
কিন্তু এখানেই শেষ নয়। চুরি করতে করতে সম্ভবত খিদে পেয়ে গিয়েছিল চোরেদের। অথবা পাঁচ লাখি নেকলেস না পাওয়ার দুঃখে মন খারাপ হয়েছিল! তাই ক্ষণিকের জন্য চুরির কাজ থামিয়ে সোজা ফ্রিজের দিকে এগিয়ে গেল তারা। ফ্রিজ খুলতেই চোখে পড়ে জন্মদিনের কেক। ব্যস! আর কী চাই! কেকটি বের করে তিনজন মিলে দিব্যি খেয়ে নিল। চুরির মালপত্র গুছিয়ে নেওয়ার পাশাপাশি কেকের টুকরোও গুছিয়ে পেটে চালান! পাঁচ লাখের নেকলেস না পেলেও কেকের মিষ্টি স্বাদে রাতের অভিযান শেষ করল চোরের দল। এদিকে সকালে ফ্রিজে কেক না পেয়ে প্রথমে অবাক হয়ে যান বাড়ির লোকজন। কেক কোথায় গেল, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। কিন্তু তখনও তাঁরা জানতেন না, কেকের সঙ্গে বাড়ির সোনার পলা আর নগদ টাকাও উধাও! পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে চুরির পুরো ঘটনা।






