কলকাতারাজ্যের খবর

অর্ণবের প্রভাব কাটতেই নতুন নিম্নচাপ, বাংলায় বৃষ্টি হবে কি?

শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাব পুরোপুরি কাটার আগেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে নতুন নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে। কমবে বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশও সকাল থেকেই পরিষ্কার, মিলেছে রোদের দেখা। তবে আগামী সপ্তাহে শহরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। নতুন নিম্নচাপের জেরে বাতাসে জলীয় বাষ্প বাড়বে, ফলে গরম অনুভূত হতে পারে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কমবে। আকাশ থাকবে রোদ ঝলমলে। তবে উপকূলবর্তী কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারও উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হবে, তবে বৃষ্টির ব্যাপকতা কমার সম্ভাবনা রয়েছে।

Related Articles