জ্বালানি বিপ্লবের পথে ভারত, E20 বিতর্কের মাঝেই E100-এ ছাড়পত্র কেন্দ্রের, বদলে যাচ্ছে নিয়ম!
নতুন নিয়ম কার্যকর হলে বিশেষভাবে তৈরি গাড়ি সম্পূর্ণ ইথানলে চালানো সম্ভব হবে
Truth of Bengal: পেট্রলের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার। E20 জ্বালানি নিয়ে বিতর্কের মধ্যেই এবার E100 বা ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারের পথ খুলে দিল নরেন্দ্র মোদি সরকার। নতুন নিয়ম কার্যকর হলে বিশেষভাবে তৈরি গাড়ি সম্পূর্ণ ইথানলে চালানো সম্ভব হবে। তবে এখনই সাধারণ পেট্রলচালিত গাড়িতে এই জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। সম্প্রতি ‘সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস, ১৯৮৯’-এ সংশোধনী এনেছে কেন্দ্র। সংশোধিত বিধিতে যানবাহনের নির্গমন সংক্রান্ত মান, জ্বালানির নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রে E85-এর পাশাপাশি E100-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি সম্পূর্ণ ইথানলে চলতে সক্ষম যানবাহন তৈরির সুযোগ পাবে।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। E85 এবং E100 জ্বালানি ব্যবহার করা যাবে শুধুমাত্র সেই সব গাড়িতে, যেগুলি সংশ্লিষ্ট জ্বালানির জন্য বিশেষভাবে অনুমোদিত। বর্তমানে প্রচলিত পেট্রলচালিত গাড়ি কিংবা E20 জ্বালানির উপযোগী গাড়িতেও সরাসরি E100 ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ ইথানলে গাড়ি চালাতে হলে ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। ফলে বাজারে উপযুক্ত গাড়ি সহজলভ্য না হওয়া পর্যন্ত সাধারণ ক্রেতাদের অপেক্ষা করতে হবে। মোটর ভেহিকেলস রুলসে আনা সংশোধনীর মধ্যে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যানবাহনের সর্বোচ্চ অনুমোদিত মোট ওজন। সংশোধিত নিয়মে এই সীমা ৩ হাজার কেজি থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কেজি করা হয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রের লক্ষ্য, আমদানি করা অপরিশোধিত তেলের উপর ভারতের নির্ভরতা কমানো এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে ইথানলকে পেট্রলের বিকল্প হিসেবে ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার।

