রাজ্যের খবর

ছবি-নাম ব্যবহার করে সিবিআই-বিরোধী প্রচার! ক্ষোভে ফেটে পড়লেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ

তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা

Truth of Bengal: সমাজমাধ্যমে তাঁর নাম এবং ছবি অপব্যবহার করে সিবিআইয়ের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচির অপপ্রচার চালানো হচ্ছে বলে কড়া সুর চড়ালেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। ওই ভাইরাল কর্মসূচির সঙ্গে তাঁর কোনও রকম দূরতম সম্পর্ক বা যোগ নেই বলে সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

ঘটনার নেপথ্যে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করেছিল সিবিআই। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে তাঁর জামিন পাওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন আরজি করের নির্যাতিতার বাবা। আর সেই আবেগকে কাজে লাগিয়েই গত কয়েকদিন ধরে ফেসবুক-সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভয়েস অফ অভয়া’ এবং ‘ভয়েস অফ উইমেন’-এর নামে একটি বিশেষ পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ে। তাতে দাবি করা হয়, সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদে আগামী ১২ নভেম্বর রাস্তায় নেমে বড়সড় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে এবং সেখানে পানিহাটির বিধায়ক তথা নির্যাতিতার মায়ের নাম ও ছবি ব্যবহার করা হয়।

সোমবার সেই বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুলে জল ঢেলেছেন পানিহাটির বিধায়ক। তিনি স্পষ্ট জানান, ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে যে পোস্টগুলি ছড়ানো হচ্ছে, তার আয়োজক, উদ্যোক্তা বা পরিচালকদের কাউকেই তিনি চেনেন না। তাঁর অনুমতি না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ছবি ও নাম জড়িয়ে এই ধরনের পোস্ট বানিয়ে ভাইরাল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর নামে একাধিক মনগড়া বক্তব্য তুলে ধরার প্রতিবাদ জানিয়ে বিধায়ক রত্না দেবনাথ স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দেশের সার্বভৌম বিচারব্যবস্থা এবং রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আইন ও সংবিধানের পথ ধরে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত বলে তিনি গভীরভাবে বিশ্বাস করেন। স্পষ্ট ও চাঁচাছোলা ভাষায় তিনি জানিয়ে দেন, “কারা পথে নামার পরিকল্পনা করছেন বা কারা আন্দোলন ডাকার নাম করে এই ধরনের প্রচার চালাচ্ছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। তাঁদের কারও সঙ্গেই আমার রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই।” এই বিভ্রান্তিকর অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে তিনি আইনি ব্যবস্থার দিকেও হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

Related Articles