“এত কম সময়ে হাজিরা দেওয়া অসম্ভব!”, পুলিশি হাজিরা এড়িয়ে পাল্টা ই-মেল অভিষেকের
বিলবোর্ড কাণ্ডের জেরে ফের চরমে রাজনৈতিক লড়াই! হাজিরা দিতে ৪৮ ঘণ্টার সময় চেয়ে থানায় চিঠি অভিষেকের
Truth of Bengal: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরসভার সঙ্গে সংঘর্ষের ঘটনায় রবিবার শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা সরাসরি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়ে নোটিস দিয়ে এসেছিলেন। সোমবার সকালেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু পুলিশের সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন না অভিষেক। সূত্রের খবর, এদিন সকালে শেক্সপিয়র সরণি থানায় ইমেল পাঠিয়ে অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় তাঁর প্রয়োজন।
গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দলীয় দফতরের ছাদ থেকে একটি বড় বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে চরম হুলুস্থুল বেধেছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে সাংসদের অনুগামীদের হাতাহাতির ঘটনায় মোট তিনটি পৃথক এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি ছিল, ওই বিলবোর্ডটি অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলছিল এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই তা অপসারণ করা জরুরি ছিল। যদিও এর পরেই ওই একই স্থানে ফের তৃণমূলের নামাঙ্কিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। সেই ঘটনার তদন্তেই এর আগেও অভিষেককে একবার তলব করা হয়েছিল এবং তিনি হাজিরাও দিয়েছিলেন। ফের তাঁকে জেরা করতে চেয়ে রবিবার তাঁর বাড়ি নোটিস পাঠানো হয়।
জানা গিয়েছে, রবিবার পুলিশ নোটিস দেওয়ার পরই সোমবার সকালে হাজিরা দেওয়া নিয়ে আপত্তি জানান অভিষেক। থানায় পাঠানো ইমেলে তিনি স্পষ্ট লিখেছেন, ‘‘আমি সংসদের একজন নির্বাচিত সদস্য এবং আমার পূর্বনির্ধারিত বহু সরকারি ও রাজনৈতিক কর্মসূচি থাকে। গত ১১ অক্টোবর আমাকে নোটিস দেওয়া হয় এবং ঠিক পরের দিনই অর্থাৎ সোমবার সকালে হাজিরা দিতে বলা হয়। এত কম সময়ের নোটিসে আমার পক্ষে হাজিরা দেওয়া সম্পূর্ণ অসম্ভব। পর্যাপ্ত সময় না দিয়ে হঠাৎ করে এমন হাজিরার নির্দেশ একতরফা, স্বেচ্ছাচারী ও অযৌক্তিক।’’ পুলিশ যাতে নতুন করে নোটিস পাঠায় এবং অন্তত ৪৮ ঘণ্টা সময় হাতে রেখে তাঁকে তলব করে, সেই অনুরোধও জানানো হয়েছে।
সাংসদ অবশ্য ইমেলে স্পষ্ট জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে সবরকম সহযোগিতা করতে তিনি পুরোপুরি প্রস্তুত, কিন্তু তার জন্য নিয়মানুসারে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। উল্লেখ্য, গত বুধবার পুলিশ যখন প্রথমবার নোটিস নিয়ে তাঁর বাড়ি গিয়েছিল, তখন অভিষেক দিল্লিতে থাকায় বাড়ির কেউ তা গ্রহণ করতে পারেননি। এরপর শনিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে আসার পর রবিবার তাঁর কালীঘাটের বাসভবনে পুলিশ ফের নোটিস পৌঁছে দেয়। তবে সোমবার নির্ধারিত সময়ে হাজিরা এড়িয়ে অভিষেক সাফ জানিয়ে দিলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তাঁর আপত্তি না থাকলেও এমন তাড়াহুড়ো মানা যায় না।






