মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বাজারে ইবির হানা, নজরে চিনি-তেলের দাম
সম্প্রতি মূল্যবৃদ্ধি নিয়ে প্রশাসন ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
Truth of Bengal: বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি রুখতে এবার সরাসরি ময়দানে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে প্রশাসন। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও কলকাতার কোলে মার্কেট ও নিউ মার্কেটে অভিযান চালান ইবি আধিকারিকরা। শাক-সবজি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখার পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সম্প্রতি মূল্যবৃদ্ধি নিয়ে প্রশাসন ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। এরপরই বাজারে নজরদারি শুরু করেছে ইবি। পাইকারি বাজার কোলে মার্কেটে গিয়ে বিভিন্ন পণ্যের দাম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা।
ইবির তথ্য অনুযায়ী, ছোট দানার চিনি পাইকারি বাজারে কেজিপ্রতি ৫৬-৫৭ টাকা এবং বড় দানার চিনি প্রায় ৬২ টাকা। খুচরো বাজারে ছোট দানার চিনি ৬২ টাকা এবং বড় দানার চিনি ৬৭-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, চিনির দাম ধীরে ধীরে কমছে।
অন্যদিকে, সরষের তেলের দাম এখনও ঊর্ধ্বমুখী। আগে লিটারপ্রতি প্রায় ১৭০ টাকায় পাওয়া তেলের দাম বর্তমানে ২১০ থেকে ২৪০ টাকায় পৌঁছেছে। ভিনরাজ্য থেকে সরষে ও তেল আমদানির খরচ বেশি হওয়ায় দাম কমানো কঠিন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শীতের সবজির বাজারও ঘুরে দেখেন ইবি আধিকারিকরা। তাঁদের মতে, অধিকাংশ সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও বেগুনের দাম কেজিপ্রতি ৭০-৮০ টাকা। বৃষ্টিতে জমিতে জল জমে ফসল নষ্ট হওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি চাল ও ডালের দামেও নজর রাখছে ইবি।






