কলকাতাখেলা

মেসি-কাণ্ডে বঞ্চিত ফুটবলপ্রেমীদের বড় উপহার, ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিটের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রিয় তারকাকে না দেখতে পেয়ে চোখের জল ফেলেছিলেন? সেই মেসি ভক্তদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঐতিহাসিক ঘোষণা!

Truth of Bengal: গত ডিসেম্বরে কোটি টাকা খরচ করে টিকিট কেটেও যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল সম্রাট লিওনেল মেসিকে দেখার সুযোগ পাননি হাজার হাজার সমর্থক। ভিড় ও চরম বিশৃঙ্খলার জেরে মাঠ ছেড়ে বেরোতে হয়েছিল এলএম১০-কে। সেই অধ্যায়ের তিক্ততা মুছতে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম উরুগুয়ে ম্যাচে প্রায় ২২ হাজার টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হবে বঞ্চিত দর্শকদের হাতে।

শনিবার এক বড় ঘোষণায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গত বছরের মেসির ইভেন্টে অনলাইন টিকিট কিনেও মাঠে ঢুকতে না পারা দর্শকদের বিনামূল্যে এই টিকিট বিতরণ করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দ্রুত আলোচনা করে প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সংশ্লিষ্ট দর্শকদের মোবাইলে বা ইমেইলে সরকারি নোটিফিকেশন পাঠাবে রাজ্য সরকার।

শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের লড়াকু ম্যাচের পর মেসি-পর্বের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “এবার সম্পূর্ণ ফিফা (FIFA) গাইডলাইন ও আন্তর্জাতিক নিয়ম মেনেই যুবভারতীতে ম্যাচ আয়োজন করা হয়েছে।” তিনি আরও ইঙ্গিত দেন যে, ওড়িশা সরকার যেভাবে ভারতীয় হকি দলের পাশে দাঁড়িয়ে তাদের স্পনসরশিপ প্রদান করেছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকারও আগামিদিনে ভারতীয় ফুটবল দলের মূল পৃষ্ঠপোষক হিসেবে পাশে দাঁড়াবে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, ম্যাচ শেষে ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লো আনসেলোত্তি যুবভারতীর বিশ্বমানের পরিকাঠামো এবং সুষ্ঠু আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

ম্যাচ চলাকালীন ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র-সহ দলের সমস্ত প্লেয়ারদের সই করা একটি বিশেষ স্মারক জার্সি উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। তাঁর নাম লেখা এই ঐতিহাসিক জার্সিটি রাজ্য সরকারের সংগ্রহশালায় সংরক্ষিত রাখা হবে।

শনিবার শক্তিশালী ব্রাজিলের কাছে ০-৪ গোলে ভারত হারলেও, চোখে চোখ রেখে নীল বাঘেদের ফুটবল মন জয় করেছে সকলের। এবার সেই যুবভারতী ক্রীড়াঙ্গনেই উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তির বিরুদ্ধে ম্যাচে বঞ্চনার সুরাহা পেতে চলেছেন তিলোত্তমার হাজার হাজার ফুটবল অনুরাগী।

Related Articles