অনুব্রতর কলার ধরে হুমকি কাণ্ডে নাটকীয় মোড়! অভিযোগ না থাকায় ৩ যুবককে মুক্ত করল পুলিশ
বৃহস্পতিবার সকালে আটক তিন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে
Truth of Bengal: সিউড়িতে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে আটক হওয়া তিন যুবককে ছেড়ে দিল পুলিশ। ঘটনায় অনুব্রত মণ্ডলের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা করেনি। সেই কারণেই বৃহস্পতিবার সকালে আটক তিন যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে সিউড়ির পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় আকাশ দেবনাথ, ঋষভ গোর এবং বান্টি বীরবংশী নামে তিন যুবক সেখানে পৌঁছন বলে অভিযোগ। তাঁদের হাতে মোটা গাছের ডাল ছিল। এরপর পার্টি অফিসের কাচের টেবিল, চেয়ার এবং এসি-সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ঘটনার সময় অনুব্রত মণ্ডল অফিসের ভিতরেই ছিলেন। ভাইরাল হওয়া দৃশ্যে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে এবং হুমকির সুরে কথা বলতে দেখা যায় ওই যুবকদের। এমনকি তাঁর জামার কলার ধরার অভিযোগও উঠেছে। পরে পুলিশের নিরাপত্তায় এলাকা ছাড়েন অনুব্রত। ঘটনার খবর পেয়ে রাতেই তিন যুবককে আটক করে পুলিশ। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনুব্রত মণ্ডল বা তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশও নিজে থেকে কোনও মামলা রুজু করেনি। এরপরই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। কেন অভিযোগ দায়ের করা হল না এবং এত বড় ঘটনার পরেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
অন্যদিকে, স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল জমানায় ওই যুবকদের উপর অত্যাচার হয়েছিল। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে বুধবার রাতে। এক স্থানীয় বাসিন্দার কথায়, “ওদের উপর অত্যাচার হয়েছিল। রাগ ছিল। অনেকেরই রাগ ছিল। সেটারই বহিঃপ্রকাশ হয়েছে বলে মনে হচ্ছে। তবে ওরা দোষ করেছে কি না, সেটা আইন এবং পুলিশ ঠিক করবে।” ঘটনার সময় অনুব্রত মণ্ডলের আচরণ নিয়েও এলাকায় আলোচনা শুরু হয়েছে। এক সময় বীরভূমের রাজনীতিতে প্রবল প্রভাবশালী হিসেবে পরিচিত অনুব্রতকে বুধবারের ঘটনায় অনেকটাই রক্ষণাত্মক অবস্থানে দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। এমনকি পরিস্থিতি সামাল দিতে তাঁকে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে বলে তাঁদের বক্তব্য।





