রাজ্যের খবর

‘সবুজ সাথী’র নামে হাজার কোটির চরম দুর্নীতি! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

জং ধরা বাতিল সাইকেল অতীত! এবার বাংলাতেই তৈরি হবে বিশ্বমানের ‘সারথি’, শিল্পপতিদের জমি দেওয়ার বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Truth of Bengal: রাজ্যে ক্ষমতাবদলের পর জনকল্যাণমুখী প্রকল্পে স্বচ্ছতা ও গুণমান ফিরিয়ে আনতে সুশাসনের একের পর এক নিদর্শন গড়ে তুলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হাওড়ার ঐতিহ্যবাহী ব্যাঁটরার এক বিদ্যামন্দিরে আয়োজিত মেগা প্রশাসনিক সভা থেকে শিক্ষার্থীদের হাতে নতুন কমলা রঙের ‘সারথি’ সাইকেল তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার হাজার কোটি টাকার সাইকেল কেলেঙ্কারি নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় শুভেন্দুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনিক শীর্ষকর্তারা।

সাবেক তৃণমূল আমলের ‘সবুজ সাথী’ প্রকল্পের করুণ হাল স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের পিসি-ভাইপোর আমলে জেলায় জেলায় সরকারি মঞ্চ থেকে সাইকেল বিলির নামে আইওয়াশ করা হত। নিম্নমানের যন্ত্রাংশের সাইকেল দেওয়া হতো, যা দু’দিন পরেই ভেঙে বিকল হয়ে যেত। হাজার হাজার সাইকেল বছরের পর বছর সরকারি গুদামে ফেলে রেখে জং ধরিয়ে কোটি কোটি টাকার সরকারি তহবিল চম্পট দেওয়া হত।”

এর পরেই দুর্নীতির নেপথ্য রহস্য উন্মোচন করে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ এনে জানান, “পাঞ্জাব ও ভিনরাজ্য থেকে সস্তার খুচরো যন্ত্রাংশ ট্রাকে করে এরাজ্যে এনে একত্রিত (অ্যাসেম্বল) করা হত। আর এই যন্ত্রাংশ আনা ও অ্যাসেম্বলিংয়ের নামে মোটা অঙ্কের কোটি কোটি টাকার বরাত বা কন্টাক্ট পেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ সিন্ডিকেট চক্র! আমরা ক্ষমতায় এসে পিসির পরিবারের সেই দুর্নীতিরাজ ও পকেট ভরার খেলা পুরোপুরি বন্ধ করে দিয়েছি।”

এর পাশাপাশি রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের প্রসারে এক যুগান্তকারী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, “এবার থেকে ‘সারথি’ প্রকল্পে রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের মজবুত সাইকেল প্রদান করা হবে। আর এই সাইকেল তৈরির জন্য ভিনরাজ্যের ওপর নির্ভর না করে যে সমস্ত শিল্প সংস্থা বাংলায় কারখানা গড়বে, নবান্নের তরফে তাদের জমি ও সমস্ত পরিকাঠামোগত সহায়তা দেওয়া হবে।” প্রাক্তন জমানার স্বজনপোষণ ও ভুয়া কাটমানির রাজনীতির শেকল ভেঙে শুভেন্দু অধিকারীর এই প্রগতিশীল পদক্ষেপকে একবাক্যে সাধুবাদ জানাচ্ছে সর্বস্তরের জনগণ।

Related Articles