আন্তর্জাতিক

রুশ তেল কেনায় বিরাট সাজা! মার্কিন হাউসে পাশ গুরুত্বপূর্ণ বিল

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বিলে রিপাবলিকান সাংসদদের পাশাপাশি একাধিক ডেমোক্র্যাট সদস্যও সমর্থন জানিয়েছেন।

Truth of Bengal: রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা দেশগুলির উপর রাশ টানতে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেল এক কঠোর বিল। পূর্বে মার্কিন সেনেটে এটি অনুমোদিত হলেও সম্প্রতি নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২৬২-১৫৯ ভোটের ব্যবধানে বিলটি চূড়ান্তভাবে পাশ হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বিলে রিপাবলিকান সাংসদদের পাশাপাশি একাধিক ডেমোক্র্যাট সদস্যও সমর্থন জানিয়েছেন। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে স্বাক্ষর করলেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।

আইনে রূপ নিলে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা ভারত ও চীনের মতো দেশগুলির পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর নজিরবিহীন ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত ২০২২ সালে ইউক্রেন আক্রমণকারী রাশিয়ার আয়ের প্রধান উৎস তেলের বাজারকে পঙ্গু করে দেওয়াই এই বিলের মূল লক্ষ্য। মার্কিন প্রশাসনের দাবি, রাশিয়া থেকে তেল কেনা মানে পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে অর্থ সাহায্য করা।

প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রথম এই আইনের প্রস্তাব দিয়েছিলেন। প্রাথমিকভাবে এতে ৫০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হলেও, পরবর্তীতে হোয়াইট হাউস বিলটি সংশোধন করে শুল্কের পরিমাণ ১০০ শতাংশে নামিয়ে আনে। এই সংশোধিত বিলে ছাড় মেলেনি ভারত বা চীন ছাড়াও জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া ও হাঙ্গেরির মতো অন্যান্য ক্রেতাদেশগুলিরও।

মার্কিন এই আইনের ফলে রাশিয়া থেকে বিশাল পরিমাণে সুলভ তেল আমদানি করা ভারতের বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে। ফলে নতুন এই মার্কিন নীতি আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব অর্থনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles