কলকাতাদেশ

কালীঘাট মন্দিরের পরিচালনা নিয়ে বড় অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ পরিবার

পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি পাঠিয়ে মন্দির সংক্রান্ত অভিযোগগুলির সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন।

Truth of Bengal: কালীঘাট মন্দিরের পরিচালনা, সম্পত্তি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি পাঠিয়ে মন্দির সংক্রান্ত অভিযোগগুলির সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন।

চিঠিতে কালীঘাট মন্দিরের পরিচালন ব্যবস্থায় পরিবর্তনের দাবিও তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা জজ, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি, সাবর্ণ পরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালন কমিটি গঠনের আবেদন জানিয়েছে পরিবার পরিষদ।

দেবর্ষি রায়চৌধুরীর দাবি, এর আগে বিষয়টি দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে জানানো হয়েছিল। সেখানে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে জনস্বার্থ মামলার পথেও যাওয়ার কথা ভাবা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মন্দিরের গর্ভগৃহে ছবি ও ভিডিও তোলা নিয়েও আপত্তি জানিয়েছে পরিবার পরিষদ। তাদের অভিযোগ, এর ফলে মন্দিরের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি দক্ষিণাকালীর গয়না ও সম্পত্তির নথি নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

পরিবার পরিষদের দাবি, মন্দিরের গয়না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টে রাখা থাকলেও ১৯৮০ সাল থেকে সেই ভল্টের চাবি পাওয়া যাচ্ছে না। ভল্টে কী কী সম্পদ রয়েছে, তার বর্তমান অবস্থাই বা কী—তা স্পষ্ট করার দাবিও উঠেছে।

অভিযোগ আরও, ২০১৪ সালের পর থেকে মন্দির পরিচালন কমিটির নির্বাচন হয়নি। গয়না ও সম্পদ সংরক্ষণকারী কমিটির মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়েই এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছেছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ।