পুজোর আগেই বিজেপিতে ১৭ ‘বিদ্রোহী’ সাংসদ? বিস্ফোরক দাবি জগদীশের
পুজোর আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
Truth of Bengal: চার মাসের মধ্যে ফের দলবদলের জল্পনা তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদদের ঘিরে। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার দাবি, এনসিপিআই-তে থাকা ২০ জন সাংসদের মধ্যে ১৭ জন সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন। পুজোর আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে জগদীশ দাবি করেন, মুর্শিদাবাদের আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যোগ দিতে চাইছেন না। তবে তাঁরা এনডিএ-কে সমর্থন করবেন বলে দাবি তাঁর। বাকি ১৭ জন বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন বলেও জানান তিনি।
জগদীশের বক্তব্য, এনসিপিআই-এর ২০ জন সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশ দল বদল করলে দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়ানো সম্ভব। তাঁদের সঙ্গে ১৭ জন রয়েছেন বলেই দাবি করেছেন তিনি।
তাঁর আরও দাবি, তৃণমূল ছাড়ার পর শুরুতেই বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কয়েকজন সংখ্যালঘু সাংসদের আপত্তির কারণে প্রথমে তাঁদের এনসিপিআই-এর সঙ্গে যুক্ত করা হয়।
এদিকে লোকসভার নথি অনুযায়ী, ওই ২০ জন এখনও তৃণমূলের সাংসদ হিসেবেই নথিভুক্ত। তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতির আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। সাংসদপদ খারিজের দাবি নিয়ে মামলাও চলছে। লোকসভার স্পিকারের সচিবালয় তাঁদের জবাব দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করেছে।


