বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ, হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস
নিম্নচাপ অঞ্চলের উপর দিয়েই বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা
Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ অঞ্চলটি সরে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে চলে যেতে পারে। নিম্নচাপ অঞ্চলের উপর দিয়েই বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে একেবারে বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। বৃষ্টি কমলে তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে। ফলে অস্বস্তিকর গরম ফের অনুভূত হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। এরপর মঙ্গল ও বুধবার ফের দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়েও কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় শনিবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার থেকে মহানগরে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে তার সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।






