লেখার কিছু অংশ নিয়ে মতপার্থক্য জোর চর্চায় সোনিয়া গান্ধির আত্মজীবনী
আগামী ১০ নভেম্বর আমেরিকায় প্রকাশিত হওয়ার কথা সোনিয়ার এই স্মৃতিকথার। মার্কিন প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ বইটি প্রকাশ করবে
Truth of Bengal: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ ভারতে প্রকাশ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র্যান্ডম হাউসের। কিন্তু সূত্রের দাবি, পাণ্ডুলিপিতে থাকা কিছু তথ্য নিয়ে আপত্তি থাকায় শেষ পর্যন্ত বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রকাশনা সংস্থাটি। যদিও পেঙ্গুইনের তরফে দাবি করা হয়েছে, লেখকের সঙ্গে কোনও মতবিরোধের কারণে তারা সরে যায়নি। আগামী ১০ নভেম্বর আমেরিকায় প্রকাশিত হওয়ার কথা সোনিয়ার এই স্মৃতিকথার। মার্কিন প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ বইটি প্রকাশ করবে। পেঙ্গুইনের সঙ্গে তাদের চুক্তি ছিল। কিন্তু ভারতে বইটি প্রকাশের ক্ষেত্রে শেষ মুহূর্তে জটিলতা তৈরি হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে পেঙ্গুইন র্যান্ডম হাউস জানায়, তারা সোনিয়া গান্ধির স্মৃতিকথার প্রকাশক নয়। সংস্থার দাবি, বইটি প্রকাশের বিষয়ে তাদের আগ্রহ ছিল এবং সেই নিয়ে আলোচনা হয়েছিল। প্রকাশের আগে সম্পাদকীয় দৃষ্টিকোণ থেকে লেখককে কিছু পরামর্শও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত বইটি প্রকাশ করছে না পেঙ্গুইন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, বইয়ের কয়েকটি জায়গায় থাকা তথ্যের সত্যতা ও সামঞ্জস্য নিয়ে আপত্তি জানিয়েছিল প্রকাশনা সংস্থা। সেই তথ্যগুলিতে পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছিল সোনিয়াকে। কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপরই পেঙ্গুইন বইটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে বলে দাবি সূত্রের।
যদিও এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নয় প্রকাশনা সংস্থা। পেঙ্গুইনের বক্তব্য, বই প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসার পিছনে সম্পাদকীয় নীতি বা লেখকের সঙ্গে মতানৈক্যকে কারণ হিসেবে দেখা ঠিক হবে না। সংস্থার তরফে বলা হয়েছে, লেখকের দেওয়া তথ্য যাচাই করা তাদের দায়িত্ব ও কর্তব্য। তবে লেখকের সঙ্গে ব্যক্তিগত আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনতে চায় না তারা। সোনিয়ার স্মৃতিকথায় তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ভারতীয় রাজনীতিতে প্রবেশের নানা অধ্যায় উঠে আসবে বলে জানা গিয়েছে। লন্ডনের কেমব্রিজে রাজীব গান্ধির সঙ্গে তাঁর প্রথম পরিচয়, প্রেম ও বিয়ে, ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির হত্যাকাণ্ড, রাজনীতিতে তাঁর প্রবেশ—সবই বইয়ের গুরুত্বপূর্ণ অংশ বলে সূত্রের দাবি।






